• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংলাপে যাচ্ছে এনসিপি, তবে..

প্রকাশিত: ২১:৩৩, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংলাপে যাচ্ছে এনসিপি, তবে..

ছবি: বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার (২৩ নভেম্বর) তার সঙ্গে বৈঠকে বসবে এনসিপি প্রতিনিধিদল। তবে জাতীয় ঐক্যে অংশ নিতে সরকারের কাছে কয়েকটি শর্ত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শুধু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার উদ্দেশ্যে ঐক্যের উদ্যোগ নেওয়া হলে তাতে অংশ নেবে এনসিপি। 

রবিবার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানান তিনি। তার মতে, এর মাধ্যমে সরকার সত্যিকার অর্থে জাতীয় ঐকমত্য চায় কি না, সে বিষয়ে রাজনৈতিক দল ও জনগণের কাছে ইতিবাচক বার্তা যাবে।

এনসিপির আহ্বায়ক বলেন, জাতীয় ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকারের যেসব অঙ্গীকার ভঙ্গ হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চেয়ে আস্থার পরিবেশ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তি নবায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান থাকলেই জাতীয় ঐক্য সম্ভব।

নাহিদ ইসলাম জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানানোয় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা তাতে সাড়া দিচ্ছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও পরিস্থিতি মোকাবিলার কৌশল জানার পাশাপাশি নিজেদের প্রস্তাব তুলে ধরবেন তারা।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত