জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা জামায়াত আমিরের
জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসী বাংলাদেশিদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মেধাবী বাংলাদেশিরা যেন দেশে ফিরে উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি। আল্লাহ আমাদের সুযোগ দিলে প্রবাসীদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করব।’
রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এ সময় তারা ফুল দিয়ে জামায়াত আমিরকে বরণ ও সংবর্ধনা জানান। প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়া সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসীরা তাদের প্রত্যাশা ও বিভিন্ন দাবি তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। দেশের গণমাধ্যম যখন আন্দোলনকারীদের ওপর নির্যাতন-নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এ কারণে অনেকে গ্রেফতার, কারাবরণ ও শাস্তির মুখোমুখি হয়েছেন।
তিনি আরও বলেন, এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা অত্যন্ত কষ্টের ও লজ্জার বিষয়।
প্রবাসীদের অবদান তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, তারা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেও দেশে ফিরে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে দুর্ব্যবহারের শিকার হন। এমনকি তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, এ অধিকার নিশ্চিত করার দাবিতে তারা আগেও সোচ্চার ছিলেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে এর প্রতিবাদ জানানো হবে।
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে আহত যোদ্ধাদের অনেকে হাত-পা হারিয়েছেন, কেউ হারিয়েছেন চোখ; কিন্তু তাদের মনোবল অটুট রয়েছে। জাতির প্রয়োজনে আবারও লড়াই করতে পারবেন কি না, জানতে চাইলে আহত ব্যক্তিরা দেশের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, একজন মা ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমেছিলেন। তার বক্তব্য ছিল, বাংলাদেশের রাজপথে আন্দোলনে অংশ নেওয়া সব শিশুকেই নিজের সন্তান মনে করেই তিনি আন্দোলনে এসেছেন। এসব মা ও যোদ্ধাই জাতির শক্তি। দেশের প্রয়োজনে তারা আবারও জেগে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আন্দোলনের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এ অভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নামা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতাই এ আন্দোলনের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তারা গোটা জাতির সম্পদ।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকরের দাবিতে সংসদেও তারা কথা বলেছেন। জনগণের রায় উপেক্ষা করে দেশের রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ অবস্থান থেকে কোনো চাপ বা প্রলোভনে তারা সরে আসবেন না বলেও জানান তিনি।
তরুণদের নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, তারা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চান। দেশের নামের উড়োজাহাজের ককপিটে তরুণরা বসবেন, আর তারা থাকবেন যাত্রীর আসনে। তরুণদের সহযোগিতা করবেন তারা। তাদের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে বলেও জানান তিনি। তার বিশ্বাস, তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। একই সঙ্গে নারী-পুরুষ সবার জন্য সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন।
সরকার ও বিরোধী দলের সম্পর্কের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজকে সমর্থন দেওয়া হবে, আর ভুল হলে প্রতিবাদ জানানো হবে। বিরোধী দলের দায়িত্ব জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা। তিনি সরকারের প্রতি জনগণের রায়ের প্রতি সম্মান দেখানো, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকার আহ্বান জানান। পাশাপাশি সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
তিনি বলেন, কোনো দল বা ব্যক্তি তাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই তাদের প্রতিপক্ষ। তারা ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চান। একদিন বাংলাদেশ বদলাবে এবং এ পরিবর্তনে নেতৃত্ব দেবে দেশের জনগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
বিভি/এজেড













মন্তব্য করুন: