• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

গণতন্ত্র আর নস্যাৎ হতে দেব না: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গণতন্ত্র আর নস্যাৎ হতে দেব না: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিসহ যেসব দল আন্দোলন-সংগ্রাম করে রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, সেই গণতন্ত্র আর নস্যাৎ হতে দেওয়া হবে না। বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব দলকে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও ককটেলবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ‘আজ আবার নতুন করে প্রমাণিত হলো, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এ দেশে বিএনপি সন্ত্রাসী দল ছিল না। বিএনপি কখনো অগ্নিসন্ত্রাস করেনি।’

রবিবার (২২ নভেম্বর) বিকেলে শহরের কানাইখালী প্রেসক্লাব চত্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এর আগে আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষারসহ দলের নেতাকর্মীরা।

নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বলেন, ‘অতীতে মাঠে থেকে সংগ্রাম করেছি। এখনো সংগ্রাম করতে প্রস্তুত আছি। আওয়ামী লীগ যে নৈরাজ্য শুরু করেছে, তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষার বলেন, ‘গত ১৭ বছর আমরা দেশের জনগণের জন্য জীবন বাজি রেখে আন্দোলন করেছি। দেশের মানুষ এখন শান্তিতে আছে। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমরা তা হতে দেব না। যেকোনো মূল্যে তাদের প্রতিহত করব।’

বিভি/নাটোর/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত