হাসিনার সমর্থকরা ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে, নিউইয়র্ক টাইমসে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তারা সহিংসতা ছড়াতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়াচ্ছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। দেশের বিভিন্ন এলাকায় তার সমর্থকেরা সড়কে তাণ্ডব চালানোর পাশাপাশি পুলিশের ওপর হামলা করছেন। একই সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। এসব ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক অস্থিরতার প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও। একসময় বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারত। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হয়।
সহিংসতার পেছনে কারা?
গত দেড় সপ্তাহে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতার অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ, থানা ও হাসপাতালে হামলা এবং ক্ষমতাসীন বিএনপির দুই নেতার বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এসব সহিংসতায় ক্ষমতাসীন দলের অন্তত দুই নেতাকর্মী নিহত হয়েছেন। বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারিয়েছেন গণপরিবহনের আরও দুই কর্মী। এসব কর্মকাণ্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল নিউইয়র্ক টাইমস। তবে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। বাংলাদেশের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর করা হবে।
সম্প্রতি শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠান একজন ব্রিটিশ আইনজীবী। এ ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দেয়। পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে এসব নথি দেয়ার বিষয়ে কঠোর আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার।
সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর কয়েকটি ঘটেছে গোপালগঞ্জে। শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে জেলাটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সেখানে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রায় ৩৬ ঘণ্টা অবরোধ করে রাখেন শেখ হাসিনার সমর্থকেরা। এ সময় অস্ত্র হাতে মিছিল, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং এক পুলিশ সদস্যকে মারধর করে গুরুতর আহত করার ঘটনা ঘটে।
পরে শুক্রবার সকালে মহাসড়কটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। এ ঘটনায় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বাংলাদেশ সরকার তাকে এসব নথি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে উল্লেখ করে ভারত থেকে তাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন।
তবে প্রত্যর্পণের বিষয়টি কেবল রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এর সঙ্গে দুই দেশের প্রত্যর্পণ চুক্তি, আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক বিবেচনাও জড়িত।
নিউইয়র্ক টাইমসের মূল্যায়ন, শেখ হাসিনাকে ভারতের ফেরত পাঠানোর সম্ভাবনা কম। এর পেছনে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।
তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রকাশ্যে কোনো অবস্থান জানাননি। গত শুক্রবার ভারতের সরকারের একজন মুখপাত্র বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়েও মন্তব্য করতে রাজি হননি।
ফলে শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ করবে না—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ এখনো নেই। বিষয়টি দুই দেশের জন্য অমীমাংসিত কূটনৈতিক প্রশ্ন হিসেবেই রয়ে গেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক অস্থিরতা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, আন্দোলনকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা পাচ্ছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই বক্তব্যকে ভারতের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
২০২৬ সালের সর্বশেষ জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। ওই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী ভারত। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো ওই আমন্ত্রণের জবাব দেয়া হয়নি।
দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, সীমান্ত ব্যবস্থাপনা, নদীর পানি বণ্টন ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। ফলে শেখ হাসিনাকে কেন্দ্র করে মতপার্থক্য থাকলেও দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায়, তা এখন ঢাকা ও দিল্লির জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ।
বিভি/টিটি













মন্তব্য করুন: