সাদিক কায়েমের বাসায় দুই এমপি, অগ্নিসংযোগের ঘটনায় তিনজন শনাক্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির বাসা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
রবিবার (২২ নভেম্বর) রাতে তারা সাদিক কায়েমের বাসা পরিদর্শন করেন। এ সময় দুই সংসদ সদস্যই অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় নিন্দা জানান। তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় ওয়াদুদ ভূইয়া জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় জড়িত চারজনের মধ্যে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুককে শনাক্ত করা হয়েছে। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি শহরের নয়নপুরে ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। অল্পের জন্য রক্ষা পান সাদিক কায়েমের মা-বাবা। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়।
সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে বাইরে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়।
এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা করেছেন।
বিভি//পিএইচ













মন্তব্য করুন: