বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ঠিক নয়
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে দলীয় কার্যালয়ে আগুন লাগেনি বলে জানিয়েছেন উপজেলা বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন। এদিকে অগ্নিকাণ্ডের খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
বুধবার (২৫ নভেম্বর) রাতে ডেপুটি প্রেস সেক্রেটারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানান।
তিনি লিখেছেন, 'বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ভুয়া খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে কিছু কিছু গণমাধ্যমও নিউজ করেছে। যা সঠিক নয়, ভুয়া ও ভিত্তিহীন সংবাদ।'
তিনি আরও বলেন, 'আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি বগুড়ার পুলিশ সুপার, স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও স্থনীয় সাংবাদিকদের সাথে। তারা জানিয়েছেন, বিএনপির উপজেলা কার্যালয়ের পাশে ময়লার স্তূপের আগুন থেকে বিএনপির কার্যালয়ের সামনের একটি ব্যানার পুড়ে যায়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয় যে, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আর সেসব অপপ্রচারে গা ভাসায় কিছু গণমাধ্যমও। বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটা সঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই বগুড়াকে নিয়ে এমন গুজব ছড়ানো হচ্ছে। গত ৩ সপ্তাহে এমন আরও ৪টি গুজব ছড়িয়েছেন অপপ্রচারকারীরা। কিছুদিন আগে সাত মাথায় বিএনপির একটা মিছিলের ভিডিওকে চালানো হয়েছে আওয়ামী লীগের মিছিল হিসেবে, কাহালুতে বিটিভির লোকাল অফিসের সামনে হিন্দু সম্প্রদায়ের সূর্য পূজা উপলক্ষে পটকা ফুটানোকে চালানো হয়েছে ককটেল বিস্ফোরণ হিসেবে। যেগুলো আসলে ভুয়া ও গুজব।'
ভুয়া সংবাদের প্রতিবাদে জেলা বিএনপির নেতা-কর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন ডেপুটি প্রেস সচিব।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিচ্ছেন। তাদের পরিচয় জানা যায়নি। আগুনে সেখানে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যেতে দেখা যায়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ সময় কার্যালয়ের ভেতরে আগুন লাগার বা কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি বলে জানান সংশ্লিষ্টরা। নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমাদের দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। সেখানে আমাদের দলীয় কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। অথচ সেই ঘটনাকে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা বলে প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানাই। একই সাথে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এআই দিয়ে এমন বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সকলকে আরো সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন নন্দীগ্রামের জনগণ ঐক্যবদ্ধ, এখানে নাশকতার কোন সুযোগ নেই। সাধারণ জনগণ যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলেও জানান এই সংসদ সদস্য।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে তারা গিয়েছিলেন। সেখানে গিয়ে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: