• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিএনপি কখনোই কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মতো ‘নিপীড়ক দল’ হবে না: ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৪১, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিএনপি কখনোই কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মতো ‘নিপীড়ক দল’ হবে না: ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 

শুক্রবার বিকেল ৫টায় শহরের টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু বলেন, "পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি যেন নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, "বিএনপি কখনোই স্বৈরাচারী আওয়ামী লীগের মতো নিপীড়ক রাজনৈতিক দল হবে না। গোলাপগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সর্বোচ্চ ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলেও কোন প্রাণঘাতির কোন ঘটনা ঘটেনি। পুলিশ বা বিজিবি মার খেলেও কাউকে গুলি করেনি। বিএনপি কখনো মানুষকে হত্যা করবে না। হাসিনা জুলাই আন্দোলন দমনের জন্য অন্তত ১৪ শ মানুষকে হত্যা করেছে। তার ১৪শ বার ফাঁসি হওয়া উচিত। ২৫ হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে।'

তিনি আরো বলেন,"নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা খাগড়াছড়িতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা ইতোমধ্যে বিআরটিসি বাস পুড়িয়ে দিয়েছে। এছাড়া একটা জীপ গাড়িতে আগুন দিয়েছে। রাতের আঁধারে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দিয়ে তাঁর মা ও বাবাকে পুড়িয়ে মারার চেষ্টা করছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।"

পাহাড়ে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা বরদাস্ত করা হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অপশক্তি যাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তার বক্তব্যে বলেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা ,পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রউফ রাজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

এর বিক্ষোভ মিছিল ও সমাবেশে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।

বিভি/এইচএমপি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত