• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

‘চোখ মেলে বিশ্ব পরিস্থিতি দেখুন’ বিএনপিকে তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২১:৫৭, ১২ জুলাই ২০২২

ফন্ট সাইজ
‘চোখ মেলে বিশ্ব পরিস্থিতি দেখুন’ বিএনপিকে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অফিসের চার দেয়াল ও নেতা-কর্মীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে চোখ মেলে বিশ্ব পরিস্থিতির দিকে তাকান। বিদ্যুৎ নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

মঙ্গলবার (১২জুলাই) বিকালে বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড়ে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় হাছান মাহমুদ বলেন, ‘মানুষ এবার পবিত্র ঈদুল-আজহা পালন করার জন্য স্বস্তির মধ্য দিয়ে নিজ নিজ গন্তব্যে যেতে পেরেছে। অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ ঈদুল-আজহা উদযাপন করেছে। কোরবানির পশুর ক্ষেত্রেও আমরা যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি সেটি এবার আরও স্পষ্ট।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম। কিন্তু আমরা উৎপাদনের দিক দিয়ে পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। ধান উৎপাদনে আমরা পৃথিবীতে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম।’

হাছান মাহমুদ বলেন, ‘সমগ্র পৃথিবী, এমনকি অর্থনৈতিকভাবে অনেক সামর্থ্যবান দেশগুলোও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। প্রধানমন্ত্রী সেভাবেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন, যারা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারেনি, বিদ্যুতের দাবিতে কানসাটে মিছিলকারীদের উপর গুলিবর্ষণ করেছে, হত্যা করেছে, তারা বিদ্যুৎ নিয়ে কথা বলারই অধিকার রাখে না। আসলে বিএনপির কাছে কোনো ইস্যু নেই তো, তাই কিছু একটা তো বলতে হবে, সেজন্যই কথা বলে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র ছিল। সমস্ত প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রকে পেছনে ফেলে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু যেমন নির্মিত হয়েছে পৃথিবীর এই সঙ্কটকালীন সময়ের মধ্যেও সমস্ত প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতাকে উপড়ে ফেলে দেশ সমৃদ্ধির পথে অভিযাত্রা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশ পৌঁছাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে। পবিত্র ঈদ উপলক্ষে সেই প্রার্থনা আমরা করেছি, আজকেও একই প্রত্যাশা করি।’

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য তিনটি প্রকল্পে ১১ হাজার কোটির কাছাকাছি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছে, এই টাকার সদ্ব্যবহার ও সমন্বিতভাবে কাজ করা তাদের দায়িত্ব। যারা জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়ন করছে আমি তাদের সবসময় তাগাদা দিয়ে আসছি।’

বিভি/এনএ

মন্তব্য করুন: