সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদ থাকতে যে দোয়া পড়বেন
প্রতিকী (এআই)
জন্মের পর প্রতিটি মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মায়া-মমতা ছেড়ে একসময় পাড়ি জমাতে হবে পরকালের পথে। তাই একজন মুমিনের জীবনে মৃত্যুর প্রস্তুতির পাশাপাশি প্রতিদিনের চলাফেরায় আল্লাহর ওপর ভরসা করা এবং নিরাপত্তার জন্য তাঁর কাছে দোয়া করা গুরুত্বপূর্ণ।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫; সুরা আনকাবুত: ৫৭)
মানুষের মৃত্যু কখন, কোথায় হবে, তা কেউ জানে না। বিশেষ করে সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক মানুষ অকালে প্রাণ হারান। তাই বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর ওপর ভরসা করে দোয়া পড়ার পাশাপাশি যানবাহনে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়বেন
রাসুলুল্লাহ (সা.) বাড়ি থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়ার শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো—
بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে বের হলাম। আমি আল্লাহর ওপরই ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।
হাদিসে এসেছে, কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়লে তাকে বলা হয়—তোমার জন্য যথেষ্ট করা হয়েছে, তুমি হেফাজত পেয়েছ এবং শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। (জামে তিরমিজি: ৩৪২৬)
যানবাহনে ওঠার সময় যে দোয়া পড়বেন
যানবাহনে ওঠার সময়ও আল্লাহর শুকরিয়া আদায় করে নির্দিষ্ট দোয়া পড়ার শিক্ষা রয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন
سُبْحَانَ الَّذِیْ سَخَّرَ لَنَا هٰذَا وَ مَا كُنَّا لَهٗ مُقْرِنِیْنَ وَ اِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ
উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা, ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন।
অর্থ: পবিত্র সেই সত্তা, যিনি এই বাহনকে আমাদের বশীভূত করে দিয়েছেন। অন্যথায় একে বশীভূত করার ক্ষমতা আমাদের ছিল না। আর আমাদের অবশ্যই আমাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। (সুরা যুখরুফ: ১৩-১৪)
ইসলামের শিক্ষা অনুযায়ী, বিপদ থেকে বাঁচতে দোয়া করার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করা জরুরি। তাই রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ গতিতে যানবাহন চালানো এবং চালকের অসতর্কতা এড়িয়ে চলার বিষয়েও সচেতন থাকা উচিত।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: