ইয়েমেন থেকে কাবা ধ্বংস করতে এসে যা হয়েছিলো হাতিবাহিনীর
ছবি: সংগৃহীত
একদিকে বিশাল হস্তিবাহিনী! অন্যদিকে অসহায় মক্কাবাসী। লক্ষ্য একটাই, পবিত্র কাবাঘর ধ্বংস করা! কিন্তু বিশাল এই বাহিনীকে রক্ষা করতে পারেনি তাদের শক্তি। আল্লাহ তাদের মোকাবিলায় পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি! আকাশ থেকে তাদের ঠোট থেকে নিক্ষেপ করা ছোট ছোট পাথরেই বিপর্যস্ত হয়ে পড়ে বিশাল সেই বাহিনী। কীভাবে ঘটেছিলো এই ঘটনা? আর পবিত্র কোরআনে এ সম্পর্কে কী বলা হয়েছে?
ইসলামের ইতিহাসে এই ঘটনা ‘আসহাবে ফিল’ বা হাতির বাহিনীর ঘটনা নামে পরিচিত। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের বছর। তখন ইয়েমেনের শাসক ছিলেন আবরাহা। কাবাঘরের প্রতি মানুষের আকর্ষণ দেখে ঈর্ষান্বিত হয়ে নিজের অঞ্চলে মানুষকে টানতে চেয়েছিলেন।
এ উদ্দেশ্যে ইয়েমেনের রাজধানী সানায় একটি জাঁকজমকপূর্ণ উপাসনালয় নির্মাণ করেন আবরাহা। কিন্তু এতে কাবাঘরের প্রতি মানুষের আকর্ষণ কমাতে তার প্রচেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে কাবাঘর ধ্বংসের সিদ্ধান্ত নেন আবরাহা। বিশাল সৈন্যও হাতির বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হন তিনি।
অন্যদিকে মক্কার মানুষ বুঝতে পারছিলেন, এমন বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা কঠিন। ঐতিহাসিক বর্ণনায় এসেছে, মক্কার নেতা আবদুল মুত্তালিবও আল্লাহর ওপর ভরসা করেন। এরপর কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে মক্কার দিকে এগিয়ে আসে আবরাহার বাহিনী।
কিন্তু এরপরই ঘটে এক বিস্ময়কর ঘটনা। পবিত্র কোরআনের সূরা আল-ফিলে আল্লাহ তাআলা এই ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, তিনি হাতির অধিপতিদের সঙ্গে কেমন আচরণ করেছেন, তা কি তুমি দেখনি? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? আর তাদের ওপর পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
কোরআনের বর্ণনা অনুযায়ী, পাখিগুলো তাদের ওপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করছিলো। এর ফলে আল্লাহ আবরাহার বাহিনীকে পরিণত করেন ভক্ষণ করা শস্যপাতার মতো। অর্থাৎ, কাবাঘর ধ্বংস করতে আসা বিশাল বাহিনীর পরিকল্পনা আল্লাহ নিজেই ব্যর্থ করে দেন।
সূরা আল-ফিলের এই বর্ণনা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে আল্লাহ দেখিয়েছেন, বাহ্যিক শক্তি ও সংখ্যাধিক্যই শেষ কথা নয়। আল্লাহর ইচ্ছার সামনে কোনো শক্তিই চূড়ান্ত নয়। তবে আবাবিল পাখির আগমন ও তাদের নিক্ষেপ করা পাথরের ঘটনা কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে, তার বাইরে প্রচলিত অতিরিক্ত বিবরণকে নির্ভরযোগ্য সূত্র যাচাই করে গ্রহণ করা জরুরি।
আবরাহার বাহিনীর এই ঘটনা আজও মুসলমানদের স্মরণ করিয়ে দেয়, পবিত্র কাবাঘর ধ্বংসের ষড়যন্ত্র কীভাবে ব্যর্থ হয়েছিলো। ছোট ছোট পাখির মাধ্যমে বিশাল বাহিনীকে পরাস্ত করার এই ঘটনা আল্লাহর অসীম ক্ষমতার এক নিদর্শন, যা পবিত্র কোরআনে সংরক্ষিত রয়েছে।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: