ইসলামের দৃষ্টিতে সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর ৫ দায়িত্ব
দাম্পত্য জীবন শুধু সামাজিক বন্ধন নয়, ইসলামের দৃষ্টিতে এটি ভালোবাসা, দায়িত্ববোধ, পারস্পরিক সম্মান ও বিশ্বাসের এক পবিত্র সম্পর্ক। স্বামী-স্ত্রী একে-অপরের জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি একে অপরের প্রশান্তি, নিরাপত্তা ও সহযোগিতার আশ্রয়।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীর সম্পর্কের উদ্দেশ্য তুলে ধরে বলেছেন, ‘আর তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা আর-রুম, আয়াত ২১)।
ইসলামে সুখী দাম্পত্যের জন্য শুধু স্বামীর নয়, স্ত্রীরও কিছু দায়িত্ব রয়েছে। দুজনের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি সংসার হয়ে উঠতে পারে শান্তিময়। ইসলামের আলোকে স্বামী-স্ত্রীর গুরুত্বপূর্ণ পাঁচটি দায়িত্ব তুলে ধরা হলো।
১. একে-অপরের প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রাখা
সুখী দাম্পত্যের অন্যতম ভিত্তি হলো পারস্পরিক ভালোবাসা ও সম্মান। ইসলাম স্বামীকে স্ত্রীর সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছে। একইভাবে স্ত্রীরও উচিত স্বামীর প্রতি সম্মানজনক আচরণ করা এবং তার ন্যায্য অধিকার রক্ষা করা।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আর তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো।’ (সুরা আন-নিসা, আয়াত ১৯)।
অর্থাৎ দাম্পত্য জীবনে রাগ, অভিমান কিংবা মতের অমিল হলেও একে অপরকে অপমান করা, কষ্ট দেওয়া বা অসম্মান করা উচিত নয়। ভালোবাসার পাশাপাশি সঙ্গীর অনুভূতি ও মর্যাদার প্রতিও যত্নশীল হতে হবে।
২. স্বামী-স্ত্রীর অধিকার ও দায়িত্ব পালন করা
ইসলামে স্বামী ও স্ত্রী উভয়ের জন্যই নির্দিষ্ট অধিকার ও দায়িত্ব রয়েছে। স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ভরণপোষণ, নিরাপত্তা ও প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করা। অন্যদিকে স্ত্রীর দায়িত্ব হলো দাম্পত্য সম্পর্কের বিশ্বস্ততা বজায় রাখা, সংসারের আমানত রক্ষা করা এবং স্বামীর ন্যায্য অধিকার আদায় করা।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর নারীদেরও তেমনি ন্যায়সংগত অধিকার রয়েছে, যেমন তাদের ওপর পুরুষদের অধিকার রয়েছে।’ (সুরা আল-বাকারা, আয়াত ২২৮)।
দাম্পত্য জীবনে অধিকার ও দায়িত্ব একে-অপরের সঙ্গে সম্পর্কিত। কারও অধিকার আদায় না করে শুধু নিজের অধিকার দাবি করা ইসলামের শিক্ষা নয়।
৩. একে-অপরের গোপনীয়তা ও সম্মান রক্ষা করা
স্বামী-স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। তাই একে অপরের ব্যক্তিগত বিষয়, দুর্বলতা কিংবা পারিবারিক গোপনীয়তা অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। বিশেষ করে দাম্পত্য জীবনের অন্তরঙ্গ বিষয় নিয়ে অন্যের সামনে আলোচনা করা থেকে বিরত থাকতে হবে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মর্যাদার মানুষের মধ্যে সেই ব্যক্তি থাকবে, যে স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং পরে তার গোপনীয়তা প্রকাশ করে। (সহিহ মুসলিম, হাদিস ১৪৩৭)।
তাই স্বামী-স্ত্রী উভয়ের উচিত একে-অপরের বিশ্বাসের মর্যাদা দেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও সঙ্গীর ব্যক্তিগত বিষয় বা বিব্রতকর মুহূর্ত অনুমতি ছাড়া প্রকাশ করা উচিত নয়।
৪. বিপদে-আপদে একে-অপরের পাশে থাকা
সংসার জীবনে সব সময় সুখের দিন আসে না। কখনো আর্থিক সংকট, অসুস্থতা, মানসিক চাপ কিংবা পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। এসব সময়ে একে অপরকে দোষারোপ না করে সহযোগিতা করা দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম।’ (জামে আত-তিরমিজি, হাদিস ৩৮৯৫)।
একজন মানুষের উত্তম চরিত্রের গুরুত্বপূর্ণ প্রকাশ ঘটে তার পরিবারের সঙ্গে আচরণের মাধ্যমে। তাই সংসারের কাজ, সন্তানদের দেখাশোনা কিংবা কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে স্বামী-স্ত্রীর একে অপরকে সহযোগিতা করা উচিত।
৫. ক্ষমা, ধৈর্য ও পরামর্শের মাধ্যমে সম্পর্ক ধরে রাখা
কোনো দাম্পত্য জীবনই ভুল বোঝাবুঝি ও মতের অমিল থেকে পুরোপুরি মুক্ত নয়। তবে সামান্য বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট না করে ধৈর্য ধরা, ভুল হলে ক্ষমা চাওয়া এবং একে অপরকে ক্ষমা করার মানসিকতা থাকা জরুরি।
সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও দুজনের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। সন্তান লালন-পালন, অর্থনৈতিক পরিকল্পনা কিংবা পারিবারিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝির সুযোগ কমে।
পবিত্র কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, ‘তাদের কার্যাবলি নিজেদের মধ্যে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন হয়।’ (সুরা আশ-শুরা, আয়াত ৩৮)।
তাই দাম্পত্য জীবনে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পরামর্শ, ধৈর্য ও ক্ষমাশীলতার চর্চা করা প্রয়োজন।
সুখী দাম্পত্যে দুজনেরই ভূমিকা গুরুত্বপূর্ণ
ইসলামে দাম্পত্য জীবনকে শুধু অধিকার আদায়ের সম্পর্ক হিসেবে দেখা হয়নি; বরং ভালোবাসা, দয়া, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার বন্ধন হিসেবে তুলে ধরা হয়েছে। স্বামী যেমন স্ত্রীর প্রতি সদাচরণ করবেন, তেমনি স্ত্রীও স্বামীর ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা করবেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: