রাস পূজা উপলক্ষে ২১১ তীর্থযাত্রী নিয়ে দুবলার চরে ৭ ট্রলার
সুন্দরবনের ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে ২১১ জন তীর্থযাত্রী নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে সাতটি ট্রলার দুবলার চরের উদ্দেশে যাত্রা করেছে। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বন বিভাগের তল্লাশি ও নিরাপত্তা প্রক্রিয়া শেষে ট্রলারগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন জানান, এবারের রাস পূজায় অংশ নিতে সাতটি ট্রলারে মোট ২১১ জন তীর্থযাত্রী সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে যাত্রা শুরু করেছেন। যাত্রার আগে বন বিভাগের পক্ষ থেকে ট্রলারগুলো তল্লাশি করা হয়। এ সময় যাত্রীদের নিরাপত্তা, প্রয়োজনীয় কাগজপত্র ও সুন্দরবনে প্রবেশসংক্রান্ত নিয়মকানুন যাচাই করা হয়।

তিনি আরও জানান, সাতটি ট্রলার ও ২১১ জন তীর্থযাত্রীর কাছ থেকে সরকার ৩৭ হাজার ২৩১ টাকা ৫০ পয়সা রাজস্ব পেয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, দুবলার চরের রাস পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী এ উৎসবে সমবেত হন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।

তিনি আরও জানান, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। তীর্থযাত্রীবাহী ট্রলারগুলো ফিরে না আসা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকায় বন বিভাগের টহল সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বিভি/সাতক্ষীরা/পিএইচ













মন্তব্য করুন: