• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ইসলামের বহু স্মৃতির সাক্ষী মক্কার জান্নাতুল মুয়াল্লা

প্রকাশিত: ১৫:৫৬, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইসলামের বহু স্মৃতির সাক্ষী মক্কার জান্নাতুল মুয়াল্লা

ছবি: সংগৃহীত

পবিত্র মক্কা নগরীতে অবস্থিত ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল মুয়াল্লা। ইসলামের সূচনালগ্নের বহু স্মৃতিবিজড়িত এই কবরস্থান মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এখানে শায়িত আছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী ও ইসলামের প্রথম নারী মুসলিম হজরত খাদিজা (রা.)। এ ছাড়া মহানবী (সা.)-এর পরিবারের কয়েকজন সদস্য এবং মক্কার প্রাচীন যুগের বহু বিশিষ্ট ব্যক্তিকেও এখানে দাফন করা হয়েছে।

কোথায় অবস্থিত জান্নাতুল মুয়াল্লা?
জান্নাতুল মুয়াল্লা সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। মসজিদুল হারামের উত্তর দিকে আল-হাজুন এলাকায় এর অবস্থান। এটি ‘আল-মুয়াল্লা’ ও ‘আল-হাজুন’ নামেও পরিচিত।

ইসলামের আবির্ভাবের আগেও এই কবরস্থান ব্যবহৃত হতো। পরবর্তী সময়ে মুসলিমদের দাফনের জন্যও এটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। মক্কার প্রাচীন ইতিহাসের সঙ্গে এই কবরস্থানের সম্পর্ক দীর্ঘদিনের।
কারা শায়িত আছেন এখানে?
জান্নাতুল মুয়াল্লার সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব হজরত খাদিজা (রা.)। তিনি ছিলেন মহানবী (সা.)-এর প্রথম স্ত্রী এবং ইসলামের প্রথম বিশ্বাসীদের একজন। নবুয়ত লাভের পর মহানবী (সা.) যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, তখন খাদিজা (রা.) তাঁকে সাহস ও সমর্থন দিয়েছিলেন।
ইসলামের ইতিহাসে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ইন্তেকালের বছরটি মহানবী (সা.)-এর জীবনে ‘আমুল হুজন’ বা শোকের বছর হিসেবে পরিচিত।

ঐতিহাসিক বিবরণে মহানবী (সা.)-এর দাদা আবদুল মুত্তালিব, চাচা আবু তালিব এবং তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যের কবরও এই কবরস্থানে রয়েছে বলে উল্লেখ পাওয়া যায়।

কবরস্থানটির পুরোনো স্থাপনা কোথায় গেল?
একসময় জান্নাতুল মুয়াল্লার বিভিন্ন কবরের ওপর গম্বুজ, স্থাপনা ও স্মৃতিচিহ্ন ছিল। হজরত খাদিজা (রা.)-এর কবরের ওপরও গম্বুজযুক্ত স্থাপনা ছিল বলে ঐতিহাসিক বিবরণে জানা যায়।

তবে ১৯২৫-২৬ সালের দিকে কবরস্থানটির এসব স্থাপনা ও গম্বুজ সরিয়ে ফেলা হয়। বর্তমানে এখানে আগের মতো সমাধিসৌধ বা কবরের ওপর নির্মিত স্থাপনা দেখা যায় না।
বর্তমানে জান্নাতুল মুয়াল্লা সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা একটি কবরস্থান। এখানে সাধারণ কবরের সারি দেখা যায়। আগের মতো গম্বুজ বা বড় কোনো সমাধিসৌধ নেই।

হজরত খাদিজা (রা.)-এর কবর এই কবরস্থানেই অবস্থিত বলে ঐতিহাসিকভাবে পরিচিত। তবে বর্তমানে তাঁর কবরের সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করার মতো কোনো স্বতন্ত্র কবরচিহ্ন নেই।

ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস, মহানবী (সা.)-এর পরিবার এবং হজরত খাদিজা (রা.)-এর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকায় জান্নাতুল মুয়াল্লা মুসলিমদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: