কুয়াকাটায় রাস উৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা জোরদার
সমুদ্রের উত্তাল ঢেউ আর পূর্ণিমার আলোয় ভক্তি, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুখর হতে যাচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের দুই শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ও রাসমেলা। উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গণ, নির্মাণ করা হচ্ছে প্যান্ডেল এবং প্রস্তুত করা হচ্ছে পূজামণ্ডপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কুয়াকাটা সমুদ্রসৈকত।
আয়োজকদের ধারণা, দুই দিনব্যাপী এ উৎসবে পুণ্যার্থী, ভক্ত ও দর্শনার্থী মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। তবে রাজনৈতিক অস্থিরতা, ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা ও বৈরী আবহাওয়া নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে তাদের মধ্যে। তারপরও ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চান না আয়োজকেরা।

শ্রীকৃষ্ণের রাসলীলাকে স্মরণ করে দুই শতাব্দীরও বেশি সময় ধরে কুয়াকাটায় উদযাপিত হয়ে আসছে রাস পূর্ণিমা উৎসব। এ উপলক্ষে সাগরপাড়ের ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগলমূর্তি। পাশাপাশি চলছে প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা ও মন্দির প্রাঙ্গণ সাজানোর কাজ। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।
রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন দাস জানান, উৎসবটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণে এবারের আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন তারা।

উৎসবের অন্যতম আকর্ষণ রাধাকৃষ্ণের পূজা-অর্চনা, গীতাপাঠ, কীর্তন, সন্ধ্যারতি ও মঙ্গল আরতি। এ উপলক্ষে রাতভর চলবে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। পূর্ণিমার তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হবে উৎসবের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন। বিশ্বাস ও ভক্তির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী এ বিশেষ মুহূর্তের অপেক্ষায় থাকেন।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে বসবে ঐতিহ্যবাহী রাসমেলা। এতে থাকবে নানা ধরনের পণ্যের পসরা। পুণ্যার্থী ও পর্যটকদের আগমনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। হোটেল-মোটেল, রেস্তোরাঁসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে চলছে অতিথি বরণের প্রস্তুতি। ব্যবসায়ীরা আশা করছেন, রাস উৎসবকে কেন্দ্র করে এবার স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে প্রশাসন। গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। সৈকত ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবে বাড়তি নজরদারি। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান জানান, রাস উৎসব উপলক্ষে সৈকত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। পুণ্যার্থী ও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল এবং নিরাপদ অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

উৎসব সফলভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক দফা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কয়েকটি দলে ভাগ করে দায়িত্ব পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গঠন করা হয়েছে মেডিকেল টিম। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়ও প্রস্তুতি রাখছে প্রশাসন।
পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করীম জানান, রাস পূর্ণিমা উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রস্তুত রাখা হয়েছে।
বিভি/কুয়াকাটা/পিএইচ













মন্তব্য করুন: