• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হজে যাওয়া হচ্ছে না ১০ হাজার ফিলিস্তিনির, অপেক্ষার মধ্যেই ৪০০ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৭, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৪৮, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হজে যাওয়া হচ্ছে না ১০ হাজার ফিলিস্তিনির, অপেক্ষার মধ্যেই ৪০০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের আশায় নিবন্ধন করেও সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন না ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ১০ হাজার মানুষ। বছরের পর বছর অপেক্ষার মধ্যে হজে যাওয়ার আগেই মারা গেছেন তাদের প্রায় ৪০০ জন। রাফাহ সীমান্ত দিয়ে চলাচলে বিধিনিষেধের কারণে গাজার হজপ্রত্যাশীদের যাত্রা এখনো অনিশ্চিত।

সোমবার (১৬ নভেম্বর) ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করা প্রায় ১০ হাজার ফিলিস্তিনি এখনো অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। দীর্ঘ অপেক্ষার মধ্যে তাদের প্রায় ৪০০ জন মারা গেছেন।

মোহাম্মদ আল-আস্তাল জানান, ভবিষ্যতে হজযাত্রার সুযোগ তৈরি হলে ২০২৩ সালের হজের লটারিতে নির্বাচিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া নিবন্ধিত কোনো হজপ্রত্যাশী মারা গেলে তার পরিবারের সদস্যদের সেই সুযোগ দেওয়ার বিষয়েও কাজ করছে সংশ্লিষ্ট সংগঠন।

তিনি বলেন, রাফাহ সীমান্ত দিয়ে যাতায়াতে বিধিনিষেধের কারণে গাজার হজপ্রত্যাশীরা সৌদি আরবে যেতে পারছেন না। সৌদি আরব তাদের গ্রহণে প্রস্তুত রয়েছে এবং মিসরও যাতায়াত সহজ করতে চেষ্টা করছে। তবে হজযাত্রীদের নিরাপদে গাজা ত্যাগ, সৌদি আরবে পৌঁছানো এবং হজ শেষে নিজ এলাকায় ফিরে আসার নিশ্চয়তা প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনের মোট হজ কোটা ৬ হাজার ৬০০ জন। এর মধ্যে গাজার জন্য বরাদ্দ প্রায় ২ হাজার ৫০৮টি আসন। কিন্তু সীমান্তে বিধিনিষেধের কারণে গত কয়েক বছর ধরে এই বরাদ্দের সুবিধা নিতে পারছেন না গাজার বাসিন্দারা।

২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের হজ মৌসুমে গাজা থেকে কোনো হজযাত্রী যাওয়ার সুযোগ পাননি। ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর তাদের যাতায়াত কার্যক্রম বাধাগ্রস্ত হয়। ওই সময় অনেক হজপ্রত্যাশী মক্কা ও মদিনায় আবাসন ও যাতায়াতের ব্যবস্থাও সম্পন্ন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের হজযাত্রা বাতিল হয়ে যায়।

এদিকে ২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে অপেক্ষমাণ ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বছরের পর বছর ধরে অপেক্ষায় থাকা এসব মানুষের দাবি, হজ পালনের জন্য গাজা থেকে সৌদি আরবে যাওয়া এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নিরাপদে ফিরে আসার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত