• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইস্তিখারা করবেন যেভাবে

প্রকাশিত: ১০:২১, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইস্তিখারা করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

জীবনে এমন অনেক সময় আসে, যখন মানুষ কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়ে যান। চাকরি পরিবর্তন, বিয়ে, ব্যবসা শুরু কিংবা নতুন কোথাও যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনটি নিজের জন্য কল্যাণকর হবে, তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে সঠিক সিদ্ধান্ত ও কল্যাণ কামনা করার একটি বিশেষ পদ্ধতি শিখিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। ইসলামে এই পদ্ধতির নাম ইস্তিখারা।
ইস্তিখারা কী?

ইস্তিখারা শব্দের অর্থ কল্যাণ কামনা করা বা কোনো বিষয়ে আল্লাহর কাছে উত্তম সিদ্ধান্ত চাওয়া। কোনো বৈধ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ যখন বুঝতে পারেন না কোনটি তার জন্য ভালো হবে, তখন আল্লাহর কাছে সাহায্য ও দিকনির্দেশনা চাইতে ইস্তিখারা করেন।
হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের সব বিষয়ে ইস্তিখারা শিক্ষা দিতেন, যেভাবে তিনি তাদের কোরআনের সূরা শিক্ষা দিতেন। কোনো কাজের ইচ্ছা করলে ফরজ নামাজের বাইরে দুই রাকাত নামাজ আদায় করে ইস্তিখারার দোয়া পড়তে বলতেন তিনি। (সহিহ বুখারি, হাদিস: ৬৩৮২)

যেভাবে ইস্তিখারা করবেন
ইস্তিখারা করার পদ্ধতি খুবই সহজ। কয়েকটি ধাপ অনুসরণ করলেই এই আমল করা যায়।
১. প্রথমে যে বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধায় রয়েছেন, সেটি নির্দিষ্ট করুন।
২. অজু করে ফরজ নামাজের বাইরে দুই রাকাত নফল নামাজ আদায় করুন।
৩. নামাজ শেষ করে ইস্তিখারার দোয়া পড়ুন।
৪. দোয়ার মধ্যে নির্দিষ্ট বিষয়ে নিজের প্রয়োজনের কথা উল্লেখ করুন।
৫. এরপর আল্লাহর ওপর ভরসা রেখে চিন্তাভাবনা, পরামর্শ ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিন।
ইস্তিখারার দোয়া
আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ. اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاقْدُرْهُ لِي، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ رَضِّنِي بِهِ.
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসতাখিরুকা বি ইলমিকা, ওয়া আসতাকদিরুকা বি কুদরাতিকা, ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আজিম। ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, ওয়া তালামু ওয়া লা আলামু, ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তালামু আন্না হাযাল আমরা খাইরুল্লি ফি দ্বিনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি (অথবা ফি আজিলি আমরি ওয়া আজিলিহি), ফাকদুরহু লি। ওয়া ইন কুনতা তালামু আন্না হাযাল আমরা শাররুল্লি ফি দ্বিনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি (অথবা ফি আজিলি আমরি ওয়া আজিলিহি), ফাসরিফহু আন্নি ওয়া সরিফনি আনহু, ওয়াকদুর লিয়াল খাইরা হাইসু কানা, ছুম্মা রাদ্দিনি বিহি।
দোয়ার অর্থ:
হে আল্লাহ! আপনার জ্ঞানের মাধ্যমে আমি আপনার কাছে কল্যাণ চাই। আপনার ক্ষমতার মাধ্যমে আপনার কাছে শক্তি চাই এবং আপনার মহান অনুগ্রহ প্রার্থনা করি। নিশ্চয়ই আপনি ক্ষমতাবান, আমি ক্ষমতাহীন। আপনি জানেন, আমি জানি না। আপনি অদৃশ্য বিষয়ে সর্বজ্ঞ।
হে আল্লাহ! আপনি যদি জানেন, এই কাজটি আমার দ্বীন, জীবন-জীবিকা ও পরিণতির জন্য কল্যাণকর, তাহলে তা আমার জন্য নির্ধারণ করে দিন। আর যদি জানেন, এই কাজটি আমার দ্বীন, জীবন-জীবিকা ও পরিণতির জন্য অকল্যাণকর, তাহলে তা আমার কাছ থেকে সরিয়ে দিন এবং আমাকেও তা থেকে সরিয়ে রাখুন। আর যেখানেই কল্যাণ রয়েছে, তা আমার জন্য নির্ধারণ করে দিন এবং তাতে আমাকে সন্তুষ্ট রাখুন। (সহিহ বুখারি, হাদিস: ৬৩৮২)

ইস্তিখারা করার পর কি স্বপ্ন দেখতে হয়?
ইস্তিখারা সম্পর্কে অনেকের ধারণা, নামাজ আদায়ের পর ঘুমিয়ে পড়তে হয় এবং স্বপ্নের মাধ্যমে সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়। কেউ কেউ মনে করেন, স্বপ্নে সাদা বা সবুজ রং দেখলে সেটি ভালো সিদ্ধান্তের লক্ষণ, আর কালো রং দেখলে অকল্যাণের ইঙ্গিত।
তবে সহিহ হাদিসে ইস্তিখারার ফল জানার জন্য স্বপ্ন দেখাকে শর্ত করা হয়নি। রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো পদ্ধতিতেও এমন কোনো নির্দেশনা নেই। তাই স্বপ্নের অপেক্ষায় বসে থাকা কিংবা স্বপ্নের রং দেখে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।
ইস্তিখারার পর আল্লাহর ওপর ভরসা রেখে বৈধ উপায়ে সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে হবে। প্রয়োজন হলে অভিজ্ঞ ও বিশ্বস্ত মানুষের পরামর্শ নিতে হবে।

কতবার ইস্তিখারা করা যায়?
ইস্তিখারা একবার করলেই যথেষ্ট হতে পারে। তবে সিদ্ধান্ত নিয়ে দ্বিধা থেকে গেলে আবারও ইস্তিখারা করা যায়। এর জন্য নির্দিষ্ট সাতবার বা নির্দিষ্ট সংখ্যায় আদায় করতেই হবে, এমন কোনো সহিহ হাদিসে নির্দেশনা নেই।

যেসব বিষয়ে ইস্তিখারা করা যাবে না: ইস্তিখারা মূলত বৈধ ও অনুমোদিত কাজের মধ্যে কোনো একটি বেছে নেওয়ার ক্ষেত্রে করা হয়। যেমন, বিয়ে, চাকরি, ব্যবসা, ভ্রমণ কিংবা বাসস্থান পরিবর্তন। ফরজ ইবাদত পালন করা হবে কি না অথবা হারাম কোনো কাজ করা হবে কি না, সে বিষয়ে ইস্তিখারার প্রয়োজন নেই। কারণ, কোনটি করতে হবে আর কোনটি থেকে বিরত থাকতে হবে, তা শরিয়ত আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে।

জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার সীমাবদ্ধতা রয়েছে। তাই নিজের সাধ্য অনুযায়ী চিন্তাভাবনা ও পরামর্শের পাশাপাশি আল্লাহর কাছে কল্যাণ চাওয়া একজন মুমিনের গুরুত্বপূর্ণ আমল। ইস্তিখারার মাধ্যমে মানুষ নিজের পছন্দের চেয়ে আল্লাহর জ্ঞান ও সিদ্ধান্তের ওপর ভরসা করতে শেখেন।

বিভি/এনএইচ

মন্তব্য করুন: