আফ্রিকার বুকে হাজার বছরের পুরোনো মসজিদ
ছবি: সংগৃহীত
আফ্রিকার উত্তরাঞ্চলে অবস্থিত তিউনিসিয়ার কাইরুয়ান শহর। শহরটির আনাচে-কানাচে ছড়িয়ে আছে মুসলিম সভ্যতার বহু পুরোনো স্মৃতি। এখানেই দাঁড়িয়ে আছে প্রায় ১ হাজার ৩৫০ বছরের পুরোনো এক ঐতিহাসিক স্থাপনা, গ্রেট মস্ক অব কাইরুয়ান। মসজিদটি উকবা মসজিদ নামেও পরিচিত। শুধু ধর্মীয় উপাসনালয় নয়, উত্তর আফ্রিকায় ইসলামের বিস্তার, শিক্ষা ও স্থাপত্যের ইতিহাসেও এটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ৬৭০ খ্রিষ্টাব্দে আরব সেনাপতি উকবা ইবনে নাফি কাইরুয়ান শহর প্রতিষ্ঠা করেন। সে সময় উত্তর আফ্রিকায় মুসলিম শাসন ও ইসলামের বিস্তার শুরু হয়েছিল। শহর প্রতিষ্ঠার পরপরই এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন শাসকের আমলে মসজিদটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়।
বিশেষ করে নবম শতকে আগলাবি শাসনামলে মসজিদটির বড় ধরনের সংস্কার ও সম্প্রসারণ ঘটে। তখনকার স্থাপত্যশৈলী এখনো মসজিদটির বিভিন্ন অংশে দেখা যায়।
স্থাপত্যে প্রাচীন মুসলিম ঐতিহ্যের ছোঁয়া: গ্রেট মস্ক অব কাইরুয়ানের অন্যতম আকর্ষণ এর বিশাল চতুষ্কোণ মিনার। তিন স্তরবিশিষ্ট এই মিনার উত্তর আফ্রিকার প্রাচীন ইসলামি স্থাপত্যের অন্যতম নিদর্শন। মসজিদের প্রশস্ত আঙিনা, স্তম্ভবেষ্টিত নামাজের জায়গা এবং প্রাচীন খিলান দর্শনার্থীদের আকৃষ্ট করে।
মসজিদটির অভ্যন্তরে রয়েছে ঐতিহাসিক মিহরাব। এর অলংকরণে ব্যবহৃত হয়েছে মার্বেল, সিরামিক ও সূক্ষ্ম কারুকাজ। মসজিদের বিভিন্ন অংশে প্রাচীন স্থাপত্যের সঙ্গে পরবর্তী সময়ের সংস্কারের ছাপও রয়েছে।
ইসলামি শিক্ষা ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র: একসময় গ্রেট মস্ক অব কাইরুয়ান শুধু নামাজ আদায়ের স্থান ছিল না। এটি ছিল ইসলামি শিক্ষা ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে কোরআন, হাদিস, ফিকহ ও আরবি ভাষার বিভিন্ন বিষয়ে পাঠদান হতো। উত্তর আফ্রিকায় ইসলামি জ্ঞানচর্চার প্রসারে মসজিদটির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কাইরুয়ান শহরও ধীরে ধীরে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি: মসজিদটির ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্ব বিবেচনায় ১৯৮৮ সালে কাইরুয়ান শহরকে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই স্বীকৃতির মাধ্যমে মুসলিম সভ্যতার ইতিহাসে শহরটির বিশেষ অবস্থান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়।
সময়ের পরিবর্তনে মসজিদটির আশপাশের পরিবেশ বদলেছে, শহরও পেয়েছে আধুনিকতার ছোঁয়া। তবে গ্রেট মস্ক অব কাইরুয়ান এখনো মুসলিম বিশ্বের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে বিশেষ স্থান ধরে রেখেছে। প্রতি বছর বহু পর্যটক, গবেষক ও ইতিহাসপ্রেমী মানুষ মসজিদটি দেখতে আসেন।
আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মসজিদ শুধু অতীতের একটি স্থাপনা নয়; বরং উত্তর আফ্রিকায় ইসলামের বিস্তার, মুসলিমদের জ্ঞানচর্চা এবং স্থাপত্যশিল্পের এক দীর্ঘ ইতিহাসের সাক্ষী।
বিভি/এনএইচ













মন্তব্য করুন: