• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঘুমানোর আগে রাসুল (সা.) এর ৫টি সুন্নাহ, পালন করতে পারেন আপনিও

প্রকাশিত: ২২:১৮, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঘুমানোর আগে রাসুল (সা.) এর ৫টি সুন্নাহ, পালন করতে পারেন আপনিও

প্রতিকী ছবি

সারাদিনের ব্যস্ততা শেষে রাতে ঘুমাতে যান প্রায় সবাই। তবে ঘুমানোর আগে কিছু সুন্নাহ পালন করলে সাধারণ ঘুমও হতে পারে সওয়াবের কাজ। মহানবী রাসুলুল্লাহ (সা.) ঘুমানোর আগে কিছু দোয়া ও আমল করতেন এবং সাহাবিদেরও তা শিখিয়েছেন।

ঘুমানোর আগে রাসুল (সা.)-এর শেখানো এমন ৫টি সুন্নাহ সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. ঘুমানোর আগে অজু করা: 
ঘুমানোর আগে অজু করে পবিত্র অবস্থায় শয্যা গ্রহণ করা সুন্নাহ। হজরত বারা ইবনে আজিব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন তুমি বিছানায় যেতে চাও, তখন নামাজের অজুর মতো অজু করে নাও। এরপর ডান কাতে শুয়ে পড়ো। (সহিহ বুখারি, হাদিস: ২৪৭; সহিহ মুসলিম, হাদিস: ২৭১০)।

২. বিছানায় শোয়ার আগে তা ঝেড়ে নেওয়া: 
ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, তোমাদের কেউ যখন বিছানায় যাবে, সে যেন নিজের কাপড়ের ভেতরের অংশ দিয়ে বিছানাটি ঝেড়ে নেয়। কারণ, সে জানে না তার অনুপস্থিতিতে বিছানায় কী এসেছে। (সহিহ বুখারি, হাদিস: ৬৩২০; সহিহ মুসলিম, হাদিস: ২৭১৪)।

৩. ডান কাতে শোয়া:
ঘুমানোর সময় ডান কাতে শোয়া রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো সুন্নাহ। তিনি হজরত বারা ইবনে আজিব (রা.)-কে ঘুমানোর আগে অজু করে ডান কাতে শুতে নির্দেশ দিয়েছিলেন। তাই ঘুমানোর সময় ডান কাতে শোয়ার অভ্যাস করা একজন মুসলমানের জন্য সুন্নাহ অনুসরণের সুন্দর সুযোগ। (সহিহ বুখারি, হাদিস: ২৪৭; সহিহ মুসলিম, হাদিস: ২৭১০)।

৪. ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা:
ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠের বিশেষ ফজিলত রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.)-এর বর্ণনায় এসেছে, শয়তান তাকে জানিয়েছিল, রাতে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না। পরে নবীজি (সা.) বলেন, সে মিথ্যাবাদী হলেও এ কথাটি সত্য বলেছে। (সহিহ বুখারি, হাদিস: ২৩১১)।

৫. ঘুমানোর আগে তিন কুল পাঠ করা:
ঘুমানোর আগে সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা রাসুলুল্লাহ (সা.)-এর আমল ছিল। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) প্রতি রাতে বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্র করে তাতে ফুঁ দিতেন। এরপর সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করতেন। তারপর দুই হাত দিয়ে শরীরের যতটুকু সম্ভব মুছে নিতেন। এভাবে তিনি তিনবার করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫০১৭)।

ঘুমানোর আগে পড়ুন এই দোয়া:
রাসুলুল্লাহ (সা.) ঘুমানোর আগে পড়তেন
بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ: বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া।
অর্থ: হে আল্লাহ! আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই। (সহিহ বুখারি, হাদিস: ৬৩২৪)।

ঘুম মানুষের দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক অংশ। তবে ঘুমানোর আগে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো সুন্নাহ ও দোয়া পালন করলে রাতের সময়টিও আল্লাহর স্মরণে কাটানো সম্ভব। তাই প্রতিদিন ঘুমানোর আগে এসব সুন্নাহ পালনের অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

বিভি/এনএইচ/পিএইচ

মন্তব্য করুন: