আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান শক্তি: ধর্মমন্ত্রী
আলেম সমাজকে মানুষের হেদায়েতের আলো ও সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর হিসেবে অভিহিত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, আলেম-ওলামাদের পরামর্শ ও দোয়া নিয়ে দেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায় সরকার।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, জনগণের আমানত রক্ষা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে আলেম-ওলামাদের সহযোগিতা ও দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় ভূমিকা রেখেছে। ইসলামী শিক্ষাব্যবস্থার বিকাশ, কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং ধর্মীয় মূল্যবোধের পুনর্জাগরণে দলটি কাজ করেছে।
ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানির ব্যবস্থা চালু করা হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মধ্যে গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিক পর্যায়ে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানি পাবেন। এ ছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেককে ১ হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে।
ধর্মমন্ত্রী বলেন, মসজিদ খাতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। পর্যায়ক্রমে দেশের আরও বেশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ও প্রবাসীদের জন্য সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। ২০২৩ সালে হজের বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার টাকা থাকলেও বর্তমানে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: