‘এক্স অ্যাকাউন্টে’ কী করছে সন্তান, জানতে পারবেন বাবা-মা
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কিশোর-কিশোরীদের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে প্রথমবারের মতো অভিভাবকীয় নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে প্ল্যাটফর্মটি। নতুন এ সুবিধার মাধ্যমে ১৩ থেকে ১৭ বছর বয়সী সন্তানদের অ্যাকাউন্ট ব্যবহারের সময়সীমা নির্ধারণ, নতুন অনুসারী অনুমোদন এবং কনটেন্ট ফিল্টার করার সুযোগ পাবেন অভিভাবক ও আইনগত অভিভাবকেরা। তবে সন্তানের ব্যক্তিগত বার্তা বা অনুসন্ধানের ইতিহাস দেখার সুযোগ থাকছে না তাদের।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেয় এক্স। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ব্যবস্থায় অভিভাবকেরা সন্তানের জন্য প্রতিদিন এক্স ব্যবহারের নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারবেন। পাশাপাশি গত সাত দিনে সন্তান কতক্ষণ প্ল্যাটফর্মটি ব্যবহার করেছে, সেই হিসাবও দেখতে পারবেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের সময় ব্যয়ের ওপর নজর রাখা সহজ হবে।
সন্তানের অ্যাকাউন্টে নতুন অনুসারী যুক্ত হওয়ার ক্ষেত্রেও থাকছে নিয়ন্ত্রণ। কেউ নতুন করে অনুসরণ করতে চাইলে অভিভাবকের অনুমোদন প্রয়োজন হবে। এ সুবিধা চালু করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে প্রাইভেট হয়ে যাবে। ফলে অভিভাবকের সম্মতি ছাড়া নতুন কেউ ওই অ্যাকাউন্টের অনুসারী হতে পারবেন না।
কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বেশ কিছু সুবিধা যুক্ত করেছে এক্স। অভিভাবকেরা চাইলে সন্তানের ‘For You’ ফিডে প্ল্যাটফর্মের অ্যালগরিদমের সুপারিশ করা পোস্টের পরিবর্তে শুধু অনুসরণ করা অ্যাকাউন্টগুলোর পোস্ট ও ভিডিও দেখানোর ব্যবস্থা করতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট শব্দযুক্ত পোস্ট ফিল্টার এবং সংবেদনশীল বিষয়বস্তুর প্রদর্শন সীমিত করা যাবে।
সরাসরি বার্তা বা ডিরেক্ট মেসেজের ক্ষেত্রেও থাকছে নিয়ন্ত্রণের সুযোগ। সন্তানের কাছে কারা বার্তা পাঠাতে পারবেন, তা নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। তবে ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা বজায় রাখতে বার্তার বিষয়বস্তু পড়ার সুযোগ দেওয়া হচ্ছে না। শুধু সন্তান কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে, সেসব অ্যাকাউন্টের পরিচয় দেখতে পারবেন তারা।
এক্সের নিরাপত্তাপ্রধান মাইকেল ও’হারলিহি বলেন, সন্তানদের অনলাইন কার্যক্রম নিরাপদ রাখতে অভিভাবকেরা কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা চান। একই সঙ্গে কিশোর-কিশোরীদের স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগও গুরুত্বপূর্ণ। নতুন এ ব্যবস্থায় পরিবারগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার সীমা নির্ধারণ করতে পারবে। তবে অ্যাকাউন্টের মালিকানা কিশোর-কিশোরীদের কাছেই থাকবে এবং অভিভাবকেরা যেসব পরিবর্তন করবেন, সেগুলোও তারা দেখতে পারবে।
এক্স জানিয়েছে, অভিভাবকীয় নজরদারি চালুর জন্য অভিভাবক ও সন্তান উভয়ের সম্মতি বাধ্যতামূলক। অর্থাৎ, সন্তানের সম্মতি ছাড়া একতরফাভাবে কোনো অভিভাবক এ সুবিধা চালু করতে পারবেন না। একজন অভিভাবক সর্বোচ্চ পাঁচটি কিশোর-কিশোরীর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হতে পারবেন। তবে একটি কিশোর অ্যাকাউন্টে একই সময়ে কেবল একজন প্রাপ্তবয়স্ক নজরদারির দায়িত্বে থাকতে পারবেন।
নতুন এ সুবিধায় অভিভাবকদের ক্ষমতারও সীমা নির্ধারণ করে দিয়েছে এক্স। তারা সন্তানের ব্যক্তিগত বার্তা পড়তে পারবেন না। এমনকি সন্তান কী লিখে অনুসন্ধান করেছে, কোন পোস্ট দেখেছে কিংবা কোন ভিডিও দেখেছে, সেই ইতিহাসও জানতে পারবেন না। সন্তানের হয়ে পোস্ট প্রকাশ বা তার অ্যাকাউন্টে প্রবেশের অনুমতিও থাকছে না।
এ ছাড়া সন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হলে অ্যাকাউন্টে অভিভাবকীয় নজরদারি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে কিশোর অ্যাকাউন্টটি অভিভাবকীয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
নতুন এ উদ্যোগের মাধ্যমে কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকদের নিয়ন্ত্রণের সুযোগ বাড়লেও ব্যক্তিগত গোপনীয়তা ও অ্যাকাউন্টের মালিকানা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব দিয়েছে এক্স।
বিভি/টিটি













মন্তব্য করুন: