• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মদের বোতল ধুয়ে পানি পান করা যাবে কি? যা বলছে ইসলাম

প্রকাশিত: ১৬:৩৮, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মদের বোতল ধুয়ে পানি পান করা যাবে কি? যা বলছে ইসলাম

ছবি: সংগৃহীত

মদ পান করা ইসলামে হারাম। তবে মদ রাখা বা পান করার কাজে ব্যবহৃত কোনো পাত্র ভালোভাবে পরিষ্কার করে পানি পান করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ইসলামি শরিয়তে এ বিষয়ে নির্দেশনা রয়েছে। হাদিসের আলোকে জানা যায়, মদের পাত্র ভালোভাবে ধুয়ে তাতে পান করা জায়েজ। তবে পাত্রে মদের কোনো চিহ্ন বা অবশিষ্টাংশ থাকা যাবে না।

আবু সা’লাবা আল-খুশানি (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে আহলে কিতাবদের পাত্রে খাওয়া-দাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। কারণ, তারা ওই পাত্রে শূকরের মাংস রান্না করত এবং মদ পান করত। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, অন্য পাত্র পাওয়া গেলে সেগুলোতে খাও। আর অন্য পাত্র না পেলে তাদের পাত্রগুলো পানি দিয়ে ধুয়ে তাতে খাও। (সুনানে আবু দাউদ, হাদিস ৩৮৩৯)। হাদিসটি সহিহ হিসেবে উল্লেখ করেছেন শায়খ আলবানি।

ইসলামি ফিকহ’র আলোচনায় বলা হয়েছে, মদের পাত্রে মদের অবশিষ্টাংশ বা অপবিত্রতার চিহ্ন থাকলে তা পরিষ্কার করতে হবে। মদের গন্ধ, রং বা স্বাদের কোনো চিহ্ন থেকে গেলে পাত্রটি ব্যবহার করা উচিত নয়। তবে পাত্রটি ভালোভাবে ধুয়ে মদের চিহ্ন দূর করা হলে তাতে পানি পান করা জায়েজ। এ ক্ষেত্রে পাত্রটি আগে মদের জন্য ব্যবহৃত হয়েছিল, শুধু এই কারণে সেটি স্থায়ীভাবে অপবিত্র হয়ে যায় না।

ইসলামি ফতোয়া বিষয়ক বিভিন্ন ব্যাখ্যাতেও বলা হয়েছে, মদের বোতল বা পাত্র খালি করে ভালোভাবে ধুয়ে পানির কাজে ব্যবহার করা যায়। তবে সন্দেহ বা সামাজিক ভুল বোঝাবুঝি এড়াতে অন্য পাত্র ব্যবহার করাই উত্তম।

পাত্রটি তিনবার ধুতেই হবে, এমন নির্দিষ্ট বাধ্যবাধকতা এই হাদিসে উল্লেখ নেই। মূল নির্দেশনা হলো, পাত্রটি এমনভাবে পরিষ্কার করতে হবে, যাতে মদের অবশিষ্টাংশ ও অপবিত্রতার চিহ্ন দূর হয়ে যায়। তাই শুধু তিনবার ধোয়ার সংখ্যা পূরণ করলেই হবে না; পাত্র পরিষ্কার হওয়াই মূল বিষয়। (সুনানে আবু দাউদ, হাদিস ৩৮৩৯; ইসলামকিউএ ও ইসলামওয়েবের সংশ্লিষ্ট ফতোয়া)।

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত