• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী’র রাষ্ট্র মেরামতে গণমাধ্যমকর্মীদের সহযোগীতা চাইলেন রহমাতুল্লাহ

প্রকাশিত: ২০:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রী’র রাষ্ট্র মেরামতে গণমাধ্যমকর্মীদের সহযোগীতা চাইলেন রহমাতুল্লাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের উদ্যোগকে সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর সদর রোডস্থ কিং ফিশার রেস্ট্রুরেন্ট-এ নিজ উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন সেক্টর পুনর্গঠনে তরুণ সমাজ যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই নেওয়া উদ্যোগে দেশজুড়ে আশাবাদ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রের ভাঙন মেরামত করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা ও টেকসই করা সম্ভব নয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আদর্শ অনুসরণ করে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা পুনরুদ্ধারে  অঙ্গীকারাবদ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেও জানান তিনি। রহমাতুল্লাহ দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়।

বরিশালের সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ,  বীর মুক্তিযোদ্বা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুল আলম ফরিদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ, দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার সম্পাদক আযাদ আলাউদ্দিন, বাংলাভিশন টেলিভিশনের ব্যুরো প্রধান শাহীন হাসান, সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত