এবার টঙ্গীতে আ.লীগের কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দলীয় কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও ব্যানার ছিলো। এ সময় ব্যানারে ‘গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন’ লেখা দেখা যায়।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি মাদকসেবীদের দখলে চলে যায়।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরমধ্যেই হঠাৎ করে বৃহস্পতিবার আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন করে। তবে তাদের পরিচয় প্রকাশ করেননি প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, পরিত্যক্ত ভবনে ব্যানার লাগানোর বিষয়টি শুনেছি। কে বা কারা লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিভি/এআই



মন্তব্য করুন: