জেলা পরিষদ নেতৃত্বে তোফাজ্জল হোসেন, নরসিংদীতে নতুন প্রত্যাশা
দেশের ১৪টি জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে তোফাজ্জল হোসেন মাস্টারকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। তারা জেলা পরিষদ আইন অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেন মাস্টার দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সহ-সভাপতি হিসেবে রয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা খাতে অবদান এবং জনকল্যাণমূলক উদ্যোগের কারণে তিনি এলাকায় সুপরিচিত।
তার নিয়োগকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের মতে, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, জেলা পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করা হবে। তিনি আরও জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া জেলা পরিষদের চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনা, অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, সঠিক পরিকল্পনা ও কার্যকর তদারকির মাধ্যমে জেলা পরিষদ স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে প্রশাসকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিভি/এসজি



মন্তব্য করুন: