• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির আল্টিমেটাম

প্রকাশিত: ২১:২০, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:২৩, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির আল্টিমেটাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর অভ্যন্তরে আন্তঃজেলা বাস চলাচল সীমিতকরণ ও অনুমোদনহীন কাউন্টার অপসারণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে।

রবিবার (৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়া পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণ করা অপরিহার্য। অনুমোদনবিহীন কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং এবং যাত্রী ওঠা-নামা কার্যক্রমের ফলে মহানগরে অন্যান্য যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, যা রাত্রিকালে ট্রাফিক জ্যামের সৃষ্টি করছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরের গাবতলী, মহাখালী ও সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা ব্যতীত অন্য কোথাও কাউন্টার পরিচালনা করা যাবে না। অন্যান্য এলাকা থেকে অনুমোদনহীন কাউন্টার স্ব-উদ্যোগে অপসারণ/উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৭/৪৭/৮২/৯০ ধারাসহ অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী ডিএমপি’র বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে মোবাইল কোর্ট/সামারি ট্রায়ালের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে কারাদণ্ড, অর্থদণ্ড, বুট পারমিট বাতিল এবং সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত করা।

ডিএমপি জনস্বার্থে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: