গোডাউনে মিললো ৪৩ হাজার লিটার তেল, ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত
যশোর শহরের নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স নওয়াব আলী গোডাউনের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকার ওই গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে বিপুল পরিমাণ ভোজ্য তেলের সন্ধান মেলে। সেখানে ২১১ ব্যারেল তেল মজুত ছিলো। যার মধ্যে সয়াবিন তেল ৮১ ব্যারেল, পামওয়েল ৯০ ব্যারেল ও সুপার ওয়েল ৪০ ব্যারেল। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিলো। জব্দকৃত মোট ৪৩ হাজার ৪৪ লিটার তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯১ লাখ টাকা।
তিনি আরও জানান, ভোজ্য তেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ তেল মজুত করা হয়েছিলো। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক হাসিব ইমামীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/এআই



মন্তব্য করুন: