• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

২ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে ৭ হাজারের বেশি গ্রাহক

প্রকাশিত: ১৯:২৬, ৯ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
২ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে ৭ হাজারের বেশি গ্রাহক

নোয়াখালী ও লক্ষ্মীপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ৭ হাজারের বেশি গ্রাহক। এর মধ্যে লক্ষ্মীপুরের পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পাশাপাশি নোয়াখালীর বেগমগঞ্জের শিল্পাঞ্চল ও দুটি সিএনজি স্টেশনেও গ্যাস মিলছে না। এতে চারটি সিএনজি স্টেশনসহ প্রায় ৭ হাজার ১৫০ গ্রাহক সংকটে পড়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশের একটি সেতুর নিচে পানির তলদেশে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। নিরাপত্তার স্বার্থে শনিবার (৮ আগস্ট) রাত থেকে ওই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

গ্যাস না থাকায় লক্ষ্মীপুরের বাসাবাড়িতে রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। একই সঙ্গে গ্যাসনির্ভর সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকায় পরিবহনচালক ও যাত্রীদেরও দুর্ভোগ বেড়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, রবিবার (৯ আগস্ট) সকাল থেকে পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার মধ্যরাতের মধ্যে কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাহ আলম জানান, কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। পাইপলাইনটি পানির প্রায় ১০ ফুট নিচে থাকায় মেরামতের কাজ কিছুটা জটিল হয়ে পড়েছে।

তিনি বলেন, পুরোনো পাইপলাইনটি মেরামতের পরিবর্তে নতুন পাইপ বসিয়ে বাইপাস লাইন তৈরি করে গ্যাস সরবরাহ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শাহ আলম আরও জানান, লিকেজের কারণে লক্ষ্মীপুরের প্রায় ৭ হাজার আবাসিক ও ১৫০ জন বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া বেগমগঞ্জের দুটি এবং লক্ষ্মীপুরের দুটি সিএনজি স্টেশনেও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত