• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশিত: ১২:৩৩, ১৬ আগস্ট ২০২৬

আপডেট: ১২:৩৩, ১৬ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
কিশোরগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি: বাসস

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সকাল থেকেই কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

সফরের শুরুতেই পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

পরে কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় পর্যায়ের মৎস্য পক্ষের উদ্বোধন হচ্ছে কিশোরগঞ্জে। হাওর, নদী-বিল ও মিঠাপানির মাছের সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সম্ভাবনা তুলে ধরতেই কিশোরগঞ্জকে এবারের আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে। পরে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

বিকেলে জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড, বিভিন্ন অনুদান এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশার তালিকায় রয়েছে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান, কিশোরগঞ্জ ইপিজেড, হাওরের মাছ সংরক্ষণে আধুনিক হিমাগার ও পর্যটন অবকাঠামোর উন্নয়ন। সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত