স্ত্রী ও কন্যাশিশুকে হত্যা, প্রবাসীর লাশও মিললো ঘরেই
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহত একরাম মোল্লা (৪০) মানিকগঞ্জ সদর উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রামের নুর হক মোল্লার ছেলে। তার স্ত্রীর নাম প্রিয়াঙ্কা এবং মেয়ের নাম অ্যালিজা।
পুলিশের প্রাথমিক ধারণা, একরাম মোল্লা প্রথমে তার স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর দেড় বছরের মেয়েশিশুকে শ্বাসরোধে হত্যা করে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানান, একরাম মোল্লা প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
বিভি/পিএইচ













মন্তব্য করুন: