এবার বুড়িগঙ্গায় মিললো অজ্ঞাত দুই মরদেহ!
ছবি: উইকিপিডিয়া
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে দুই অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে কেরানীগঞ্জ মডেল থানার খাগাইল ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল।
বরিশুর নৌফাঁড়ির ইনচার্জ দীপু কুমার বড়ুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোকমারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরনে কোনো বস্ত্র ছিল না। পরে ময়নাতদন্তের জন্য সেটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর গুদারাঘাট এলাকা বরাবর বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌফাঁড়ির পুলিশ। তার বয়স আনুমানিক ২৬ বছর।
হাসনাবাদ নৌফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল জিন্সের শর্ট হাফপ্যান্ট ও কালো রঙের ফুলহাতা শার্ট। মরদেহের কোমরে দড়ি দিয়ে ইট বাঁধা ছিল।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: