৩৪ দিন পর শাহজালালের দানবাক্স খুলে মিললো প্রায় ৮৯ লাখ টাকা
সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ৩৪ দিন পর খুলে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এর সঙ্গে মিলেছে স্বর্ণালংকার, ১৫ দেশের মুদ্রা এবং গরু-ছাগল। শনিবার দিনভর দানবাক্সের টাকা গণনা শেষে সন্ধ্যায় এ হিসাব ঘোষণা করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহে বসানো তিনটি দানবাক্স ও তিনটি ডেগ থেকে দানের টাকা সংগ্রহ শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দানবাক্স ও ডেগের সিলগালা খুলে টাকা বের করা হয়। পরে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী দিনভর এসব টাকা গণনা করেন।
সন্ধ্যা ৬টার দিকে মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক (সিসিক) আবদুল কাইয়ূম চৌধুরী প্রাপ্ত দানের হিসাব ঘোষণা করেন। তিনি জানান, এবার দান হিসেবে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণও পাওয়া গেছে।
বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় ৩ হাজার ৯৫৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯ দশমিক ২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার, ওমানের ৯০৩ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দশমিক ২৫ দিরহাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১ দশমিক ৫০ রিয়াল, ৩০ দশমিক ১০ ইউরো, বাহরাইনের দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়াহ।
এ ছাড়া দান হিসেবে পাওয়া গিয়েছিল ছয়টি গরু ও ছয়টি ছাগল। এর মধ্যে লঙ্গরখানায় খাবারের জন্য পাঁচটি গরু ও ছয়টি ছাগল জবাই করা হয়েছে। চারটি ছাগল বিক্রি করে লঙ্গরখানার কর্মীদের মজুরি দেওয়া হয়েছে। একটি গরু ও একটি ছাগল দরিদ্র দুই মেয়ের বিয়েতে দান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট ৩৪ দিন পর তৃতীয়বারের মতো মাজারের দানবাক্স খোলা হয়েছিল। সে সময় পাওয়া গিয়েছিল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং বিভিন্ন দেশের মুদ্রা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: