• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অযোধ্যার আদলে এবার কেরানীগঞ্জে নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’

প্রকাশিত: ১৮:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অযোধ্যার আদলে এবার কেরানীগঞ্জে নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’

ছবি: মসজিদের নকশা

অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ধরে রাখতে ঢাকার কেরানীগঞ্জে একই নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে তোলা হচ্ছে মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স। এর অংশ হিসেবে আধুনিক কওমি মাদ্রাসা এবং মসজিদের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, মসজিদটির স্থাপত্যে অযোধ্যার বাবরি মসজিদের আদল অনুসরণ করা হবে। থাকবে তিনটি গম্বুজ এবং মোগল স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্য। এর সঙ্গে আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয় করা হবে।

কলাতিয়ায় এক যুগেরও বেশি সময় ধরে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া নামের কওমি মাদ্রাসার কার্যক্রম চলছে। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই বড় পরিসরে কমপ্লেক্সটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মূল উদ্যোক্তা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মামুনুল হকের উদ্যোগে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)। তবে ২০২১ সালের রাজনৈতিক পরিস্থিতিতে মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে উদ্যোক্তারা জানান। তাদের দাবি, ওই সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজনকে গ্রেফতার করা হয় এবং প্রায় চার বছর নির্মাণকাজ বন্ধ ছিলো।

২০২৪ সালের ৫ আগস্টের পর আবার প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে মাটি ভরাটের কাজ শেষ এবং কমপ্লেক্স থেকে ৭০০ ফুট সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

মামুনুল হক বলেন, অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ও এর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একই নাম রাখা হয়েছে। তার ভাষ্য, দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে মূল প্রকল্পের নকশা তৈরির কাজ চলছে এবং চলতি বছরেই মূল মসজিদের নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিকে অস্থায়ীভাবে ৫ হাজার বর্গফুটের একটি মসজিদ ও সমপরিমাণ উন্মুক্ত বারান্দা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীদের নামাজের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থাও সেখানে রাখা হবে। প্রকল্প বাস্তবায়নে দেশের ধর্মপ্রাণ মানুষ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত