• NEWS PORTAL

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ও স্কুলের দুই শিক্ষার্থী, উৎকণ্ঠায় পরিবার

প্রকাশিত: ১৭:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৪ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ও স্কুলের দুই শিক্ষার্থী, উৎকণ্ঠায় পরিবার

ছবি: অনলাইন

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামে দুই শিক্ষার্থী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রবিবার সকালে পৃথকভাবে নিখোঁজ হওয়ার পর বুধবার বিকেল পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় চরম উৎকণ্ঠায় দুই পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান, রবিবার সকালে সায়েম ও মিনহাজ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনেরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিক্ষার্থীর ছবি ও তথ্য প্রকাশ করে সন্ধান পেতে সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।

সায়েমের বাবা জাকির হোসেন বলেন, রবিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তার ছেলে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সন্তানের সন্ধান না পাওয়ায় পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজের ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মঙ্গলবার রাত পর্যন্ত তাদের ব্যবহৃত মোবাইল নম্বর অনুসরণ করে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থান শনাক্ত করা হয়েছিল। এরপর আর অবস্থান শনাক্ত করা যায়নি। পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: