• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নদীকে যারা গলাটিপে হত্যা করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত: এমপি খোকন

প্রকাশিত: ২২:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নদীকে যারা গলাটিপে হত্যা করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বাংলাদেশের প্রাণ-প্রকৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ নদী। দখল ও দূষণের কারণে দেশের নদ-নদী আজ হুমকির মুখে। নদী দখল ও ধ্বংসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিৎ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা লঞ্চঘাটে নদী দখল ও দূষণের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে লঞ্চযোগে নদী পরিদর্শন কর্মসূচি শুরু হয়। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গান পরিবেশন করা হয়।

খোকন তালুকদার বলেন, ‘বাংলাদেশের প্রাণ হচ্ছে নদী। এই নদী দেশের অর্থনৈতিক উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রকৃতির একজন রাজা হিসেবে মানুষের জীবন-জীবিকার মূল চালিকাশক্তি। কিন্তু সেই নদী আজ হুমকির মুখে। নদীকে যারা গলাটিপে হত্যা করেছে বা হত্যা করার চেষ্টা করছে, আমি মনে করি প্রত্যেক ব্যক্তিকেই আইনের আওতায় আসা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি সমাজ থেকে মাদক কারবারিদের উৎখাত করতে চাই, তাহলে মাদকের বিরুদ্ধে যেমন লড়াই করি এবং থানায় অপরাধীদের নাম লিপিবদ্ধ থাকে, তেমনি পরিবেশবান্ধব নদী বা খালের ক্ষতি যারা করে, তাদেরও চিহ্নিত করা উচিত।’

নদী ও খাল দখলের বিষয়ে তিনি বলেন, ‘খালের বুকের ওপর বাঁধ তৈরি করে যারা নিজেদের স্বার্থে পরিবেশকে গলাটিপে হত্যা করছে, তাদের প্রত্যেকের নাম প্রতিটি উপজেলায় লিপিবদ্ধ করে আইনের আওতায় আনা উচিত।’

এ সময় নদী রক্ষা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত