• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গাছে ঝুলছিল প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ, উদ্ধার করলো পুলিশ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাছে ঝুলছিল প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ, উদ্ধার করলো পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রোকন আহমেদ জয় (২৬) নামের এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ পূর্ব নয়াহাটী এলাকায় নিজ বাড়ির উঠানের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকন আহমেদ জয় ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ পূর্ব নয়াহাটী এলাকার মো. ছাত্তার মিয়ার ছেলে। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ছিলেন। প্রায় দুই বছর সিঙ্গাপুরে থাকার পর এক মাস আগে ছুটিতে দেশে ফিরেছিলেন জয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় জয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ভৈরব থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা ছাত্তার মিয়া বলেন, ‘আমার ছেলে এক মাস আগে সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসে। সে বিয়ে করেনি। তাই রাতে একাই একটি কক্ষে থাকত। জানতে পারি, সোমবার রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে কল করে ঘর থেকে ডেকে নিয়ে যায়। আমরা তখন ঘুমিয়ে ছিলাম। সকালে বাড়ির সামনের উঠানে একটি গাছের সঙ্গে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। আমাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। কারা এভাবে তাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই।’

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, কালিকাপ্রসাদ এলাকায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ গাছে ঝুলছে—এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত