• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে যেভাবে উদ্ধার করলো কোস্ট গার্ড

প্রকাশিত: ১৬:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে যেভাবে উদ্ধার করলো কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর ১৩ জন জেলেকে নিয়ে ‘এফভি রিফাত’ নামের বোটটি টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হয়। মাছ ধরা শেষে সোমবার বিকেল ৪টার দিকে তীরে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি সাগরে অনির্দিষ্টভাবে ভাসতে থাকে।

এ সময় বোটে থাকা এক জেলে উদ্ধারের জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সাহায্য চান। খবর পাওয়ার পরপরই গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

পরে উদ্ধারকারী দল সেন্টমার্টিন দ্বীপ থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানরত বোটটি শনাক্ত করে। সেখান থেকে বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাদ্যসহায়তাও দেওয়া হয়েছে। পরবর্তীতে বোট ও জেলেদের নিজ নিজ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের সেবায় এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত