• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জলবায়ু মোকাবিলায় নীতিনির্ধারণে তরুণদের যুক্ত করার আহ্বান

প্রকাশিত: ১৬:২১, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
জলবায়ু মোকাবিলায় নীতিনির্ধারণে তরুণদের যুক্ত করার আহ্বান

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সরাসরি ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তরুণ প্রতিনিধিরা। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন, অতিরিক্ত ও পূর্বানুমানযোগ্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ‘LCOY Bangladesh 2026’-এর প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানে এসব দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়।

আসন্ন COP31 সামনে রেখে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের তরুণ প্রজন্মকে নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এবারের আয়োজন করা হয়েছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে ১ শতাংশেরও কম অবদান রাখলেও ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, নদীভাঙন ও বাস্তুচ্যুতির মতো জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী।

এই বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার, যুব অধিকার এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে সম্মেলনের প্রস্তাবনাগুলো তৈরি করা হয়েছে। LCOY Bangladesh 2026-এর সহযোগী এবং প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানের আয়োজক হিসেবে BRIGHTERS যৌথভাবে এ আয়োজন করে।

সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম, সুনামগঞ্জের হাওর, উপকূলীয় দ্বীপ, চরাঞ্চল এবং জলবায়ু অভিবাসী অধ্যুষিত এলাকাসহ দেশের ৯টি ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সংলাপ ও ফোকাস গ্রুপ আলোচনার ভিত্তিতে এসব প্রস্তাবনা প্রস্তুত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু গতানুগতিক আলোচনা যথেষ্ট নয়। নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সরাসরি অংশগ্রহণ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

তিনি বৈশ্বিক ফোরামে বাংলাদেশের তরুণদের জোরালো প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মীর মোহাম্মদ আলী এবং BRIGHTERS-এর চেয়ার ও LCOY Bangladesh 2026-এর কন্টাক্ট পয়েন্ট ফারিহা সুলতানা অমি।

বক্তারা জলবায়ু ন্যায্যতা, Loss and Damage এবং যুব অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

সম্মেলনে তরুণদের পক্ষ থেকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন, অতিরিক্ত ও পূর্বানুমানযোগ্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি স্থানীয় যুব ও কমিউনিটি সংগঠনগুলোর জন্য এসব অর্থায়নে সরাসরি প্রবেশাধিকার তৈরির আহ্বান জানানো হয়।

এ ছাড়া পর্যাপ্ত ও সহজলভ্য Loss and Damage অর্থায়ন কার্যকর করা, জলবায়ুজনিত বাস্তুচ্যুত মানুষের নিরাপদ আবাসন, ভূমির অধিকার ও জীবিকার নিশ্চয়তা এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য কার্যকর বৈশ্বিক আইনি কাঠামো তৈরির দাবি জানান তরুণ প্রতিনিধিরা।

পাশাপাশি সবুজ দক্ষতা ও কর্মসংস্থানে বিনিয়োগ এবং জলবায়ু শাসন ও অভিযোজন পরিকল্পনায় তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, BRIGHTERS Foundation-এর হোস্টিংয়ে ‘LCOY Bangladesh 2026’ ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত