• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইসরাইলগামী বিমানে পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ

প্রকাশিত: ১৬:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইসরাইলগামী বিমানে পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ

ইসরাইলের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে এক পাইলটকে পকেটছুরি দিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিমানটি জরুরি সংকেত পাঠিয়ে গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে জরুরি অবতরণ করে। বিমানের ভেতরে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন যাত্রীরা।

‘দ্য টাইমস অব ইসরাইল’-এর বরাত দিয়ে জানা গেছে, এক নারী যাত্রী খুদে বার্তায় বিমানের ভেতরের পরিস্থিতি বর্ণনা করেন। তিনি বলেন, “আমরা বিমানের ভেতরে চিৎকার শুনতে পাই। এরপর ককপিটের দরজা খোলা হলে রক্ত দেখতে পাই। কেউ একজন পকেটছুরি দিয়ে পাইলটকে ছুরিকাঘাত করেছিল।” ওই নারী জানান, বিমানে থাকা ক্রু সদস্য ও ইসরাইলি যাত্রীরা মিলে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন।

আরেক যাত্রীও বিমানের ভেতরের আতঙ্কের বর্ণনা দিয়েছেন। তার ভাষ্য, পাইলটদের একজন ছুরিকাহত হওয়ার পর কিছু সময়ের জন্য বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন পাইলটরা। ছুরিকাঘাতে একজন পাইলট গুরুতর আহত হন বলেও জানান তিনি।

নোয়াম নামে পরিচয় দেওয়া ওই যাত্রী বলেন, “বিমানে চিৎকার শুরু হয়ে যায়। কী ঘটছে তা বুঝতে পেরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা বুঝতে পারি, একজন পাইলটকে ছুরিকাঘাত করা হয়েছে এবং তিনি গুরুতর আহত হয়েছেন। এরপর তারা বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিমানটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল।”

তিনি আরও বলেন, “আমরা ‘শেমা ইসরাইল’ প্রার্থনা করছিলাম। এমন মুহূর্তও এসেছিল, যখন মনে হচ্ছিল আমরা হয়তো জীবিত বের হতে পারব না।”

ইসরাইলের এক কর্মকর্তা জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান পাইলটদের মধ্যে সংঘর্ষের পর জরুরি সংকেত পাঠিয়ে সৌদি আরবের দিকে গতিপথ পরিবর্তন করে।

ফ্লাইদুবাইয়ের ফ্লাইট এফজেড১০৭৩ দুবাই থেকে তেল আবিবের দিকে যাচ্ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, জর্ডানের আকাশসীমায় থাকা অবস্থায় বিমানটি গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের দিকে চলে যায়। এর আগে বিমানটি একটি সাধারণ জরুরি সংকেত পাঠিয়েছিল।

কয়েক মিনিট পর বিমানটি আরও একটি জরুরি সংকেত পাঠায়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ওই সংকেত সম্ভাব্য ‘অবৈধ হস্তক্ষেপের’ ইঙ্গিত দিচ্ছিল। পরে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটরাডার২৪ আরও জানিয়েছে, বিমানের ফ্লাইট ডেটা বিশ্লেষণে দেখা গেছে, প্রথম জরুরি সংকেত পাঠানোর আগে ৩০ সেকেন্ডেরও কম সময়ে বিমানটি প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়। ঘটনার পর প্রাথমিকভাবে কয়েকটি প্রতিবেদনে বিমান ছিনতাইয়ের আশঙ্কার কথা বলা হয়। তবে পরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের একজন মুখপাত্র এ দাবি নাকচ করেন।

জরুরি অবতরণের পর ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানায়, ফ্লাইদুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের কারণে সম্ভাব্য ছিনতাই বা অবৈধ হস্তক্ষেপ বোঝাতে ব্যবহৃত সংকেতটি সক্রিয় হয়েছিল। ইসরাইলের দিকে যাওয়ার সময় বিমানটি অল্প সময়ের জন্য সম্ভাব্য ‘অবৈধ হস্তক্ষেপের’ সংকেতও পাঠিয়েছিল বলে জানানো হয়েছে।

এদিকে, বিমানে থাকা দুই পাইলটের মধ্যে সহিংস সংঘর্ষ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে পাইলটকে ছুরিকাঘাতের অভিযোগসহ পুরো ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত