• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় আহত কনস্টেবল আল আমিন আর নেই

প্রকাশিত: ১৪:২১, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় আহত কনস্টেবল আল আমিন আর নেই

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়।

এর আগে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে। আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালি থানায় সংযুক্ত ছিলেন। তার বাড়ি মাদারীপুর জেলায়।

পুলিশ জানায়, রবিবার সকালে ওয়াসা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালনকালে আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য সন্দেহজনকভাবে হাঁটতে থাকা তিন যুবককে থামার সংকেত দেন। এ সময় তাদের একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ তার পিছু নেন। আল আমিনও মোটরসাইকেল নিয়ে অন্য পথ দিয়ে গিয়ে ওই যুবককে আটকানোর চেষ্টা করেন।

একপর্যায়ে লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুতগতিতে এসে আল আমিনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বাসচালক মোশাররফ ও চালকের সহকারী জয় দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: