চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তির প্রক্রিয়া বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে প্রস্তাবিত ১৫ বছরের কনসেশন চুক্তির প্রক্রিয়া বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করছে বন্দর রক্ষা কমিটি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ(স্কপ)সহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী শুরু করেন তারা।
শ্রমিক নেতারা বলেন, এনসিটি বন্দরের অন্যতম প্রধান কনটেইনার টার্মিনাল। ফলে এটিকে ১৫ বছরের জন্য কনসেশনে দেওয়ার বিষয়টি কোনো সাধারণ প্রশাসনিক বা বাণিজ্যিক সিদ্ধান্ত নয়। এ ধরনের সিদ্ধান্তের আগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার সম্ভাব্য আয়, সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ও অটোমেশনের ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং কনসেশনে দিলে রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক সুবিধা-এসব বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তুলনামূলক মূল্যায়ন জনসম্মুখে প্রকাশ করা প্রয়োজন।
এ ধরনের চুক্তি দেশের অর্থনীতি, রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় কৌশলগত স্বার্থে কী ধরনের সুবিধা ও ঝুঁকি তৈরি করতে পারে এবং তার পূর্ণাঙ্গ মূল্যায়ন জনসম্মুখে প্রকাশ না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলেও মনে করেন শ্রমিক নেতারা।
তারা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের বিকাশ, বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সময়ে এনসিটি ও সিসিটির মতো কৌশলগত অবকাঠামো দীর্ঘমেয়াদি কনসেশনে দেওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়োর প্রয়োজন কেন হলো তা জনগণের সামনে পরিষ্কার করা দরকার। দিনব্যাপী কর্মসূচীর পরও সরকার এনসিটি ও সিসিটি ইজারা প্রদানের উদ্যোগ বাতিলের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা।
বিভি/এআই













মন্তব্য করুন: