• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৭:৫৪, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে রৌমারী উপজেলার সায়দাবাদ এলাকার শিবের ডাঙ্গী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। তাঁরা হলেন—উপজেলার চরলাকান্দা গ্রামের প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪২), তাঁর দুই সন্তান রিশাদ (১২) ও তুবা মনি (৭) এবং লিপি বেগমের বোন কত্তিমারী এলাকার বাসিন্দা বাদল মিয়ার স্ত্রী শরিফা খাতুন (৫০)। নিহত অপর ব্যক্তি হলেন দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক; তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

​প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্বজনদের নিয়ে অটোরিকশাটি শিবের ডাঙ্গী সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথে সায়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

​সংবাদ পেয়ে রৌমারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​এদিকে, একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের এমন হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে সায়দাবাদ ও চরলাকান্দা গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত