• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে ৫৩ পূজামণ্ডপে জেলা পরিষদের ৫ লক্ষাধিক টাকা প্রদান 

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩৭, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইলে ৫৩ পূজামণ্ডপে জেলা পরিষদের ৫ লক্ষাধিক টাকা প্রদান 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলে ৫৩টি পূজামণ্ডপে অর্থ  প্রদান করেছে টাঙ্গাইল জেলা পরিষদ। জেলার বিভিন্ন পূজামণ্ডপের ধর্মীয় উৎসব উদযাপনে সহায়তার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে চেক দেওয়া হয়। 

এ উপলক্ষে রবিবার সকালে জেলা পরিষদের হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির।

চেক বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির বলেন, গতবারের তুলনায় এবার সবচেয়ে বেশি অনুদান দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপ কমিটিগুলোকে সহযোগিতা করার লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এ অর্থ উপহার দেওয়া হয়েছে।

তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই,সবাই বাংলাদেশি। তার নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহারা দেবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি হিসেবে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবেন এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামছুন্নাহার স্বপ্না,রসুলপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ভাস চন্দ্র, পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চেক গ্রহণকারী পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন,ধর্মীয় উৎসব উদযাপনে এ ধরনের সহযোগিতা পূজামণ্ডপগুলোর জন্য সহায়ক ভূমিকা রাখবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত