• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রংপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিমা বিসর্জন হয়নি এখনও

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২২:০৭, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রংপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিমা বিসর্জন হয়নি এখনও

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী বা প্রতিমা বিসর্জনের দিন হলেও রংপুরে জমি নিয়ে বিরোধের জেরে এখনও বিসর্জন করা হয়নি দুর্গাপূজার প্রতিমা। গতকাল রাতে এ নিয়ে তুমুল বাকবিতণ্ডা, দু’পক্ষের সড়ক অবরোধসহ একাধিকবার রেষারেষির পরেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও বিসর্জন করা হয়নি প্রতিমা।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর ঠিকাদারপাড়া মহল্লায় মোটর মেকানিক দশরথ চন্দ্র তার পরিবারের সদস্যদের নিয়ে প্রায় ৫০ বছর ধরে বসবাস করছেন। আগে সেখানে তারা পারিবারিকভাবে পূজা পালন করতেন। কিন্তু বিগত তিন বছর ধরে স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ সেখানে সর্বজনীন দুর্গাপূজার আয়োজন করে আসছিলো।

এবার দুর্গাপূজার আগে জমির মালিক দশরথ চন্দ্র ও তার পরিবার নিজেদের জায়গায় পূজা করতে আপত্তি জানালে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে জেলা পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয় এবারের মতো সেখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং পূজা শেষে প্রতিমা বিসর্জন দিয়ে ওই জমি সীমানাপ্রাচীর দিয়ে মালিককে বুঝিয়ে দেয়া হবে। প্রশাসনের সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন জমির মালিক দশরথ ও তার পরিবার।

কিন্তু পরবর্তীতে বুধবার বিকালে পূজা উযযাপন কমিটি’র একটি জমিটি নিজেদের দখলে নিতে দুটি প্রতিমা বিসর্জন দিয়ে  বাকি দু’টি স্থায়ীভাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বলে অভিযোগ উঠে। বিকাল পাঁচটা থেকে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের জন্য ট্রাক নিয়ে প্রস্তুত থাকলেও পূজা কমিটির সভাপতি প্রাণকৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক কমল গোস্বামী প্রতিমা না সরানোর পক্ষে অবস্থান নেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছান রংপুর মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার তোফায়েল আহাম্মেদ, বিজিবি ও সেনাসদস্যরা। তারা কয়েক দফা মধ্যস্থতার চেষ্টা করলেও পূজা কমিটির নেতারা প্রতিমা সরাতে রাজি হননি। ফলে মধ্যরাত ৩টা পর্যন্ত সেখানে সড়ক অবরোধ ও হট্টগোল চলতে থাকে।

এ ব্যাপারে পূজা কমিটির সাধারণ সম্পাদক কমল গোস্বামী জানান, তারা দীর্ঘদিন ধরে ওই স্থানে পূজা উদ্যাপন করে আসছেন এবং ভবিষ্যতেও পূজা করতে চান। জমিটির মালিক তারা না হলেও এটি নিয়ে আদালতে মামলা চলছে বলে দাবি করেন তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার তোফায়েল আহাম্মেদ বলেন, পুলিশ কমিশনারের হস্তক্ষেপে শান্তিপূর্ণ পূজার পরিবেশ তৈরি করা হয়েছিলো। এখন তারা বারবার অবস্থান পরিবর্তন করছে। আইনশৃঙ্খলা রক্ষা ও বিশৃঙ্খলা এড়াতে এলাকায় প্রয়োজনীয় পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে

বিভি/এআই

মন্তব্য করুন: