পূর্বাচলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত, আহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা ইয়ামিন (১৭) ও রুদ্র (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শ্রাবণ (১৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরে ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকার বেলাটেক গ্রামের কামাল মিয়ার ছেলে। রুদ্র একই গ্রামের আক্তার মিয়ার ছেলে। আহত শ্রাবণ সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাঞ্চন হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে অজ্ঞাতপরিচয় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ইয়ামিন ও রুদ্র নিহত হয়। গুরুতর আহত হয় শ্রাবণ। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিভি/টিটি













মন্তব্য করুন: