রংপুরে রোড ডিভাইডারে বাসের ধাক্কা, হেলপার নিহত; আহত ৩০
রংপুরের তারাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে এ আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৮টায় দিকে উপজেলার ইকরচালি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম এনামুল হক (২৭)। তিনি রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তার মরদেহ তারাগঞ্জ বালাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় দ্রুতগতিতে চলা এ আর ট্রাভেলসের বাসটি ইকরচালি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের মাঝখানে থাকা রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই হেলপার এনামুল হকের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আহত যাত্রীদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাগঞ্জ বালাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিভি/এআই













মন্তব্য করুন: