টঙ্গী থেকে মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কি না যাচাই করছে পিবিআই
ছবি: সংগৃহীত
টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) কি না, তা যাচাই-বাছাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দফতর।
পিবিআই জানায়, তুরাগ নদী থেকে আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেলের সন্ধান পাওয়া গেছে। মোটরসাইকেলটি ভুক্তভোগীর কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
পিবিআই আরও জানায়, বিমানবাহিনীর কর্মকর্তাকে ঘিরে করা মামলাটির তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত পরিচালনার পাশাপাশি নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। ছায়া তদন্তে প্রাপ্ত সব তথ্য-উপাত্ত পরবর্তী সময়ে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। পরদিন বুধবার (২৮ অক্টোবর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: