বাবার বাইকে উঠেছিলেন ছোট্ট রাজিন, সড়কে ঝরলো দুজনেরই প্রাণ
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ৬ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এতে এক নারীও গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তাদের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড়ে মোটরসাইকেল দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলেসহ এক নারী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত নারীও গুরুতর অবস্থায় রয়েছেন। তবে আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাবা ও ছেলের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: