লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস পুকুরে: নিহত ১, আহত ৩০
খুলনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ এক পথচারী রাস্তার সামনে চলে আসেন। চালক তাকে বাঁচানোর চেষ্টা করলে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় ওই পথচারীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক। তার বাড়ি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামে।
এ ঘটনায় বাসে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা আহত হন। আহতদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার ঘোনা এলাকায় বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ জেলা ও স্থানীয় জামায়াতের নেতারা। তারা উদ্ধারকাজ তদারকি করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া আনুমানিক ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। আহত সবাইকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তবে বাসের নিচে আর কেউ চাপা পড়ে আছেন কি না, তা বাসটি পুকুর থেকে উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে।
বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা ও স্থানীয় জামায়াতের নেতারা সার্বিক সহযোগিতা করছেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: