বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার (২ নভেম্বর) সকালে শহরের ডিবি রোডে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মুক্তিযোদ্ধা মানিক পশারী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী ছিলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকার সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, প্রাক্তন জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মুজিবুল হক ছানা, খয়বর হোসেন, আফজাল হোসেন, গীরেন্দ্র নাথ, শাহিদুল আলম তোতা, আব্দুর রহমান ও মুক্তিযোদ্ধা সন্তান আবু জাফর পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশের জন্ম হতো না। যারা মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে, তারা বাংলাদেশকেই মনে-প্রাণে অস্বীকার করে। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ বিচারের দাবি জানান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর মৃত্যুবরণ করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: