• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গার্মেন্টসে আগুন দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: এমপি আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৯, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গার্মেন্টসে আগুন দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: এমপি আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্টদের দোসররা শ্রমিক আন্দোলনের নামে কিছু গার্মেন্টসে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কেউ কেউ বলছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। কিন্তু তা কোনো দিন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পবিত্র হিফজুল কোরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমান উল্লাহ আমান।

তিনি আরও বলেন, ৪০ বছরের স্মৃতিবিজড়িত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যারা এক কাপড়ে বাড়িছাড়া করেছিলেন, তারা আজ দেশছাড়া। গত ১৭ বছরে তিনি ১১ বার কারাবরণ করেছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের ছয় মাস আগে তাকে একটি সাজানো গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রেখে যারা বিএনপিকে ভোট দিয়েছেন, তাদের আস্থার প্রতিফলন প্রধানমন্ত্রী নিজেই ইতিমধ্যে ঘটাতে শুরু করেছেন বলে মন্তব্য করেন আমান উল্লাহ আমান।

বিএনপি ইসলামের পরিপন্থী কোনো কাজ করবে না উল্লেখ করে তিনি বলেন, কেউ এমন কাজ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসলামের জন্য যা যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী তারেক রহমান তা-ই করছেন। বিএনপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য ভাতা চালু করেছেন বলেও জানান তিনি।

আমান উল্লাহ আমান আরও বলেন, ফ্যাসিস্ট আমলে আলেম-ওলামাদের ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে, তার বিচার আল্লাহ করেছেন। সে সময় দাড়ি-টুপি পরা আলেম-ওলামারা রাস্তায় চলাফেরা করতে পারতেন না। ফ্যাসিস্ট আমলে হেফাজতে ইসলামকে তারা অনেক সহযোগিতা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মহিববুল্লাহিল বাকি নদভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও মারকাযুল হুদা আল-ইসলামী বাংলাদেশের মহাপরিচালক মুফতি আজহারুল ইসলাম, সম্মিলিত ইমাম খতিব পরিষদের মহাসচিব মুফতি শরিফুল্লাহ, ঢাকা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এবং ঢাকা জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মোহাম্মদ আল-আমিন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত